টেস্টে যাঁকে হারতে হয়নি কখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের ২১ টেস্টে কখনো হারেননি চৌহান! ছবি: সংগৃহীত।
ক্যারিয়ারের ২১ টেস্টে কখনো হারেননি চৌহান! ছবি: সংগৃহীত।

স্পিন স্বর্গ বানিয়ে একগাদা স্পিনার লেলিয়ে দাও। প্রতিরোধ করতে করতে এক সময় দম ফুরিয়ে যাবে ব্যাটসম্যানদের। ব্যস, ম্যাচ পকেটে। উপমহাদেশের বাইরের ব্যাটসম্যানদের স্পিন ফাঁদে ফেলে একের পর এক ম্যাচ জিতে নিচ্ছে ভারত, বেশ পরিচিত এক দৃশ্য। এবং অনেক পুরোনো দৃশ্যও।
এক সময় ভারতীয় দলে একসঙ্গে চার স্পিনারও খেলেছেন। এরাপল্লি প্রসন্ন, বিষেণ সিং বেদি, ভগবৎ চন্দ্রশেখর ও শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনের গড়া বিখ্যাত সেই ‘স্পিন কোয়ার্টেট’ তো ভারতীয় ক্রিকেট রূপকথার অংশই।
তবে সাম্প্রতিক অতীতে ডিজাইনার পিচ আর তিন স্পিনারের ফরমুলার শুরু ১৯৯৩ সালের কলকাতা টেস্টে। সে সুবাদেই অভিষেক হয়েছিল রাজেশ চৌহানের।
ক্যারিয়ারটা খুব একটা সমৃদ্ধ নয়। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২১ টেস্টে উইকেট মাত্র ৪৭টি। ইনিংসে ৫ উইকেট পাননি কখনো। সেরা সাফল্য ৪ উইকেট, সেটিও একবারই। বোলিং স্ট্রাইক রেটও গর্ব করার মতো কিছু নয়। ৪৭টি উইকেটের প্রতিটির পেছনে গড়ে ১০১টি বল খরচ করতে হয়েছে। তার পরও একটা জায়গায় ক্রিকেটের অনেক রথী মহারথীরও ঈর্ষার পাত্র চৌহান। টেস্ট ক্যারিয়ারে কখনো যে হারের তিক্ত স্বাদ পেতে হয়নি তাঁকে। ২১ টেস্টের ১২টিতে জয়, বাকি ৯টি ড্র।
তাঁর অভিষেকের পেছনেও ওই তিন স্পিনার ফর্মুলা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেতাই খেলে সিরিজ হেরে মোহাম্মদ আজহারউদ্দিনের ভারত তখন দিশেহারা। দক্ষিণ আফ্রিকা সফরের পরপরই দেশের মাটিতে অতিথি গ্রাহাম গুচের ইংল্যান্ড। কলকাতায় সিরিজের প্রথম টেস্টের জন্যই শুধু অধিনায়ক নির্বাচিত করা হলো আজহারকে। বার্তাটা ছিল পরিষ্কার—হারলেই অধিনায়কত্ব থেকে বিদায়। ভারতীয় দলের কোচ তখন অজিত ওয়াদেকার। ডিজাইনার পিচ আর তিন স্পিনারের বুদ্ধিটা তাঁর মাথা থেকেই নাকি বেরিয়েছিল। অনিল কুম্বলে ও ভেঙ্কটপতি রাজুর সঙ্গে তাই যোগ হলেন রাজেশ চৌহান। কুম্বলের লেগ স্পিন ও রাজুর বাঁহাতি স্পিনের সঙ্গে চৌহানের অফ স্পিন মিলে পূর্ণাঙ্গ হলো ভারতের স্পিন আক্রমণ। দারুণ কাজে লেগে গেল কৌশলটা। ১৯৯৩ সালের জানুয়ারিতে শুরু তিন টেস্টের ওই সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করল ভারত। স্পিনার-ত্রয়ীও নিয়মিত হয়ে গেলেন ভারতীয় দলে। রাজেশ চৌহানের ২১ টেস্টের ২০টিই ভারত ও শ্রীলঙ্কায়। উপমহাদেশের বাইরে একমাত্র টেস্টটি হ্যামিল্টনে, নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টটিও ড্র করেছিল ভারত। 

চৌহানের ক্যারিয়ার অকালেই শেষ হয়ে যাওয়ায় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ওঠা প্রশ্নের ভূমিকা ছিল। সঙ্গে হরভজন সিংয়ের উত্থানেরও। তবে পেছন ফিরে তাকিয়ে একটা তৃপ্তির ঢেঁকুর ঠিকই তুলতে পারেন চৌহান। যে ইডেন গার্ডেনে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর, শেষ টেস্টও সেখানেই। জয় দিয়ে শুরু, জয় দিয়েই শেষ। বিদায়ী টেস্টের বোলিং সঙ্গী? কুম্বলে, রাজু!