টেস্টে 'নতুন' এনামুলের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে কোচ হাথুরুসিংহের সঙ্গে দুই মনোযোগী ছাত্র এনামুল ও তামিম। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক
অনুশীলনে কোচ হাথুরুসিংহের সঙ্গে দুই মনোযোগী ছাত্র এনামুল ও তামিম। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক

পুরো শহরটাই যেন বিয়েবাড়ি! শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়াম থেকে রয়্যাল চত্বর পর্যন্ত দীর্ঘ সড়কদ্বীপ আলোকসজ্জায় রঙিন। রাস্তায় একটু পর পর তোরণ। নগরের ময়লা পোতার মোড় এলাকাটাকে সাজানো হয়েছে সুন্দরবনের আবহে। টিম হোটেলের কাছের শিববাড়ী মোড়েও আলোর ঝরনাধারা। এসবই অবশ্য পরশু রাতে খুলনা পৌঁছার পরের অভিজ্ঞতা। নইলে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে কাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় সারা দেশের মতো খুলনাও ছিল অন্ধকারে ঢাকা।
এমন নয় যে খুলনায় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। সর্বশেষ ২০১২ সালের নভেম্বরেও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলে গেছে খুলনায়। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডে হয়েছে চারটি, টি-টোয়েন্টি একটি। মাঝে কিছু ম্যাচ হয়েছে বিপিএলেরও। ক্রিকেটের বড় আসর খুলনাবাসীর কাছে প্রতিবারই ধরা দেয় নতুন রূপে। এবারও যেমন দিল। টেস্ট ম্যাচের টিকিটের জন্যও স্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দীর্ঘ সারি বলে দিচ্ছে এই শহরের মানুষ কতটা ক্রিকেটবুভুক্ষু হয়ে আছে।
জিম্বাবুয়ের বিপক্ষে বর্তমান টেস্ট দলে খুলনা বিভাগের খেলোয়াড় তিনজন—সাকিব আল হাসান, রুবেল হোসেন ও এনামুল হক (বিজয়)। এঁদের মধ্যে প্রথম দুজন প্রথম টেস্টের দলেও ছিলেন। খুলনা টেস্টের দলে যোগ হলেন এনামুল। তবে এমন ভাবার কোনো কারণ নেই যে, খুলনায় খেলা বলেই দলে খুলনার একজন বাড়তি খেলোয়াড় নেওয়া হলো। এনামুলের অন্তর্ভুক্তি নির্বাচকদের ব্যতিক্রমী এক চিন্তার সৌজন্যে। লোয়ার মিডল অর্ডারে মুশফিকুর রহিম প্রায় সময়ই নিঃসঙ্গতায় ভোগেন। সেখানে তাঁর একজন যোগ্য সঙ্গী চাই। টেস্ট ওপেনার হিসেবে এখন পর্যন্ত সফল না হলেও ফারুক আহমেদের নির্বাচক কমিটির দৃষ্টিতে অধিনায়ককে সেই সঙ্গটা এক এনামুলই পারেন দিতে।
তবে এনামুল নিজেও নির্বাচকদের এই ডাক পেয়ে বিস্মিত, ‘একটু অবাক হয়েছি।’ কাল অনুশীলন শেষ করে শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে এনামুল এটাও বলেছেন, ‘ডাক পেলে ভালো কিছু করার চিন্তা সব সময়ই ছিল। সকাল ছয়টায় শুরু করে তিন বেলা অনুশীলন করেছি। যে রকম অনুশীলন করেছি, আশা করি ভালো কিছু করব।’ এমনিতে ওপেনার হলেও নির্বাচকদের ইচ্ছা অনুযায়ী ভালোটা তিনি মিডল বা লোয়ার মিডল অর্ডারে নেমেও করার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমি এখনো নিশ্চিত নই কোথায় ব্যাটিং করব। যদি এভাবে হয় (লোয়ার মিডল অর্ডার) আমার খারাপ লাগবে না। অনেক বিশ্ববিখ্যাত ক্রিকেটার আছেন, যাঁরা ওয়ানডেতে ওপেনিং করলেও টেস্টে পরে ব্যাটিং করছেন। আমিও চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করতে, দলকে সাহায্য করতে করতে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ব্যাটিং করলেও ক্যারিয়ারের শুরুর দিকে চারে-পাঁচে ব্যাট করতেন এনামুল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় থেকেই মূলত চলে আসেন ওপেনিংয়ে। পরের দিকে নামলেও মানিয়ে নিতে পারবেন বলে তাই আত্মবিশ্বাসী। কিন্তু কলকাতায় এস কে আচার্য মেমোরিয়াল ট্রফিতে খেলতে যাওয়ার ঠিক আগে যে এনামুল টেকনিক নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন! এত দ্রুতই কি তা শেষ হয়ে গেল? এনামুল প্রথমে প্রশ্নটার সরাসরি উত্তর না দিলেও পরে বলেছেন, ‘আমি সুইং বল নিয়ে কিছু কাজ করেছি। ফরোয়ার্ড ডিফেন্স বলেন বা ফরোয়ার্ড লিভ, অর্থাৎ সামনের বলগুলো কীভাবে খেলা যায়, সেটা নিয়ে কাজ করেছি।’
নতুন বলে সুইংয়েই বেশি বিব্রত মনে হয় এনামুলকে। কাল স্বীকারও করলেন, ‘নতুন বলে যখন ব্যাট করি, ওটাই আমার জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এই অনুশীলনটা করতে থাকলে শুধু টেস্ট ক্রিকেট না, ওয়ানডে বা যেকোনো ফরম্যাটেই আমার জন্য ভালো হবে।’ তবে ফুটওয়ার্কের সমস্যাটাকে এনামুলের খুব বড় সমস্যা মনে হয় না। নতুন বলে সবারই নাকি এ সমস্যা এক-আধটু থাকে। তা ছাড়া তাঁর দৃষ্টিতে ফুটওয়ার্ক ব্যাটিংয়ের সৌন্দর্যবর্ধক একটা ‘অলংকার’ মাত্র। এটা নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন এনামুল, ‘অনেক ব্যাটসম্যান আছে যারা ভালো ফুটওয়ার্ক না নিয়েও আট-দশ হাজার রান করে ফেলেছে। সুযোগ থাকলে আমিও করব।’
দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে সেই শুরুটা শেখ আবু নাসের স্টেডিয়াম থেকেই করবেন এনামুল—খুলনাবাসীর চাওয়া নিশ্চয় সেটাই।