টেস্টে 'স্টেইনগান' নেই
কেপটাউনের মুইজেনবার্গ সমুদ্রসৈকতে সার্ফিং করছেন। এমন একটি ছবি এ মাসের গোড়ার দিকে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন ডেল স্টেইন। একজন সেটিতে অনুরোধ মিশিয়ে একটি মন্তব্য করেছেন, ‘দয়া করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরুন।’ স্টেইন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের সেই আশাও পূরণ হচ্ছে না।
গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কাঁধের হাড় ভেঙে ফেলার পর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে স্টেইন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন। কিন্তু ফিরতে হলে আগে নিজেকে ফিট প্রমাণ করতে হবে। সেই লক্ষ্যে খেলতে চেয়েছিলেন আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। তবে স্টেইন বুঝতে পেরেছেন, নয় মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা একজনের হুট করেই চার দিনের ম্যাচে নামাটা ঠিক হবে না।
টাইটানসের হয়ে ডলফিনের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ফাস্ট বোলার, ‘বোলিং ভালোই করছি। তবে চার দিনের ম্যাচ বা টেস্টে বোলিং করার মতো এত পরিশ্রম এখনো করিনি। তাই না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ যার মানে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা যে তাঁর নেই, এটা বিলক্ষণ বুঝে গেছেন, ‘চার দিনের ম্যাচটি খেললে টেস্ট সিরিজে দলে থাকার একটা সুযোগ থাকত। তবে আবার চোট পেয়ে আমি দল আর নিজেকে ঝামেলায় ফেলতে চাই না। মাঠে ফেরার জন্য সীমিত পরিসরের ম্যাচই আদর্শ হবে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশ তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ১৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। দুটি টি-টোয়েন্টি ২৬ ও ২৯ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ আর পাবেন না স্টেইন। এর আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অল্প দৈর্ঘ্যের ম্যাচ নেই। স্টেইন বলেছেন, ‘এ মুহূর্তে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলাটা আমার জন্য একটু কঠিন। তাই সাদা বলে খেলার জন্যই অপেক্ষা করছি।’
টেস্টে ‘স্টেইনগানের’ না থাকাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ভালো খবরই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে একটা সুখস্মৃতি আছে স্টেইনের। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দুই টেস্টই বৃষ্টিতে ভেসে গেলেও টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। ৮৫ টেস্টে ২২.৩০ গড়ে ৪১৭ উইকেট তাঁর। বাংলাদেশের বিপক্ষে ৬ ম্যাচে ১৭.৩৫ গড়ে উইকেট ২৮টি।
বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণ সাজাবে হয়তো মরনে মরকেল, কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডারকে দিয়ে। বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে মরকেলের উইকেট ১৫টি, ফিল্যান্ডারের ২ ম্যাচে ২টি। রাবাদা এখনো বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট খেলেননি। ক্রিকইনফো।