টেস্টেও আইপিএলের মতো 'অর্থ' চান পিটারসেন

টেস্ট পাঁচ দিনের খেলা, ঠুক ঠুক করে চলে; এর চেয়ে টি-টোয়েন্টি কত ভালো, ৩ ঘণ্টার ধুম-ধাড়াক্কা ‘অ্যাকশনে’ ভরপুর— বর্তমান সময়ের বেশির ভাগ ক্রিকেট দর্শকের মানসিকতাই অনেকটা এমন। চলতি ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সিরিজটির দিকেই দেখুন। দুটি ঐতিহ্যবাহী দলের টেস্ট দেখতে কজনইবা দর্শক আসছেন, তার চেয়ে কয়েকগুণ বেশি দর্শক হচ্ছে একই সময়ে অস্ট্রেলিয়ার অন্য মাঠ গুলোতে ‘বিগ-ব্যাশ টি-টোয়েন্টি’ দেখতে। চিত্রটা পুরো বিশ্বজুড়েই অনেকটা একই রকম।
এর প্রভাব পড়ছে মাঠের খেলাতে, ক্রিকেটারদের মানসিকতায়। অনেক ক্রিকেটারকেই দেখা যাচ্ছে, জাতীয় দল থেকে তাড়াতাড়ি অবসর নিয়ে বিশ্বজুড়ে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে যেতে। অর্থ, গ্ল্যামার, বিনোদন— এসব মিলিয়ে উঠতি ক্রিকেটারদের মধ্যেও টি-টোয়েন্টিকে ঘিরেই আকর্ষণটা সবচেয়ে বেশি। কিন্তু এভাবে চলতে থাকলে তো ক্রিকেটের সবচেয়ে আদি ও শুদ্ধতম শিল্প টেস্ট ক্রিকেটকেই বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে।
এভাবে বিলুপ্ত হওয়ার হাত থেকে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর উপায় বলে দিয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন— টেস্ট খেলোয়াড়দের টাকার অঙ্ক বাড়াতে হবে। টি-টোয়েন্টির মোহ থেকে টেস্টের দিকে ক্রিকেটারদের ‘ভাগিয়ে আনতে’ আইসিসির কাছে অনুরোধ করেছেন, টেস্টেও খেলোয়াড়দের বেতনের অঙ্কটাকে যেন বিশ্বজুড়ে আইপিএল, বিগ ব্যাশের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর বেতনের সম-পর্যায়ের হয়।
বিগ ব্যাশ লিগে আজ ‘মেলবোর্ন ডার্বি’তে ক্রিস গেইলের মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হচ্ছে কেপির মেলবোর্ন স্টার্স। রেনেগেডস দলে গেইলের সঙ্গে আছেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোও। বিগ ব্যাশের অন্য দলগুলোতে খেলছেন কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ড্যারেন সামির মতো আরও কয়েকজন ক্যারিবীয় তারকা। অথচ একই সময়ে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ দল প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে কাল থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট খেলার। এরই মধ্যে সিরিজের প্রথম দুই টেস্টে যারা কিনা অসহায় আত্মসমর্পণ করেছে। এই ব্যাপারটিই ভাবাচ্ছে পিটারসনকে। গেইল, ব্রাভোদের বিষয়ে সিডনি মর্নিং হেরাল্ডকে হতাশার সুরে বললেন, ওঁদের এখানে নয়, বরং সিডনিতে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে থাকা উচিত ছিল।
এই ব্যাপারে আইসিসির আরও বেশ ভূমিকা থাকা উচিত জানিয়ে পিটারসন বললেন, আইসিসি বিশ্বজুড়ে ক্রিকেট পরিচালনা করে। ওঁদের এভাবে ভাবা উচিত - ‘আমাদের গেইলকে দরকার; পোলার্ড, সামি, ব্রাভোকে দরকার। আন্দ্রে রাসেলকেও দরকার। রাসেল এখানে ১৫০ কিমির বেশি গতিতে বল করছে, জোরে জোরে ছক্কা হাঁকাচ্ছে। কিন্তু ওর এসব সিডনিতে টেস্টে করার কথা ছিল, এখানে নয়।’
তরুণদের কাছে আদর্শ হয়ে থাকা এসব ক্রিকেটার এভাবে ঘরোয়া টুর্নামেন্টে খেলা উচিত নয় জানিয়ে এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, ‘তরুণদের আদর্শ এত এত খেলোয়াড় শুধু ছোট সংস্করণের এই ম্যাচগুলো খেলবে এটি মানা যায় না। টেস্ট ক্রিকেটের ব্যাপারে কিছু একটা করতেই হবে। দুবাইয়ে এক মাস আগে আমার অ্যাকাডেমিতে বাচ্চাদের অনুশীলন করিয়েছি। তাই কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি, টেস্ট ক্রিকেট নিয়ে ওদের কোনো আগ্রহই নেই—শূন্য।’
আগামী দিনের ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে আগ্রহী করানোর জন্য পিটারসেনের মনে হচ্ছে, গেইলদের মতো বড় নামগুলোকে আবার টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনতে হবে। আর এর একমাত্র উপায় হতে পারে টেস্টে অর্থের পরিমাণ বাড়ানো। আইসিসিকে সেই পথে এগোতে হবে জানিয়ে কেপি বললেন, ‘এটা বেশ দুঃখের ব্যাপার যে এঁদের মতো খেলোয়াড়েরা এখানে আছে। যারা কিনা বিশ্বজুড়ে সবার কাছে এক আকর্ষণের নাম, ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে যারা বড় অঙ্ক বাগিয়ে নিচ্ছে, তারা টেস্ট খেলছে না—এটা কষ্টদায়ক। তাই টেস্ট খেলোয়াড়দেরও আরও বেশি টাকা দেওয়া উচিত। এটাই এই খেলোয়াড়দের টেস্টে ফেরানোর একমাত্র উপায়। ঘরোয়া এই টুর্নামেন্টগুলোতে যে টাকা পায়, তার চেয়ে অনেক বেশি টাকা দেওয়া উচিত ওদের।’