টেস্টেও চমকে দেবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ফর্মে আছেন। অনুশীলনে মুশফিকের এমন ঝলমলে হাসি সেটিই বলছে। আজ শুরু খুলনা টেস্টেও অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ l ছবি: শামসুল হক
দুর্দান্ত ফর্মে আছেন। অনুশীলনে মুশফিকের এমন ঝলমলে হাসি সেটিই বলছে। আজ শুরু খুলনা টেস্টেও অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ l ছবি: শামসুল হক

ষোলো বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জেতেনি বাংলাদেশ। এবার জিতেছে।
পাকিস্তানের বিপক্ষে কোনো দিনই টি-টোয়েন্টি জেতেনি বাংলাদেশ। এবার জিতেছে।
টেস্ট ক্রিকেটে ১৪ বছরে আটটি টেস্টের সব কটিতেই পরাজয়। এবার?
প্রশ্নটা করলে দুই দলের কাছ থেকেই অনুমিত উত্তর পাওয়া যাচ্ছে। ভিন্ন ফরম্যাট, হিসাব-নিকাশও এখানে ভিন্ন। এক দিন-আধা দিনের খেলা আর পাঁচ দিনের খেলায় শুধু ‘ক্রিকেট’ নামটাতেই মিল। বাকি সবকিছুতে অনেক পার্থক্য।
সেই পার্থক্য মেনেও আকাশে-বাতাসে যে একটা ‘জয়, জয়’ রব উঠে গেছে, সেটির কারণ ৪-০। ওয়ানডেতে ‘বাংলাওয়াশে’র পর টি-টোয়েন্টিতেও জয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ তাই নামছে ‘বারো জনের দল’ নিয়ে। ‘দ্বাদশ ব্যক্তি’র নাম আত্মবিশ্বাস!
কাল সারা দিন পাকিস্তান দলকে হোটেলে ও মাঠে দেখে একসময়কার বাংলাদেশ দলের কথা খুব মনে পড়ছিল। সিরিজের মাঝপথে ঠিক এমনই বিপর্যস্ত, দিগ্ভ্রান্ত মনে হতো বাংলাদেশ দলকে। এখানেও অবশ্য পার্থক্য আছে। বাংলাদেশ ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। পাকিস্তানের জন্য তো এটি বজ্রাঘাত। বাংলাদেশ এমন পরাজয়ের মালা পরিয়ে দেবে গলায়, এটা তাদের কল্পনাতেও ছিল না। টানা চার ম্যাচে হার তাই শুধু পাকিস্তান দলকেই নয়, টালমাটাল করে তুলেছে পাকিস্তান ক্রিকেটকেই।
আসলে তো ৪-০ নয়, ৫-০! প্রস্তুতি ম্যাচেও হারটাকে ধরবেন না! টি-টোয়েন্টিতে হারার পর দুই কোচ ওয়াকার ইউনিস ও মুশতাক আহমেদ নাকি দলের পেসারদের ধুয়ে ফেলেছেন। আগে থেকে ঠিক করে দেওয়া পরিকল্পনা অনুযায়ী বোলিং না করায় এমনও নাকি বলেছেন, তাঁদের চিন্তাভাবনা পছন্দ না হলে খেলোয়াড়েরা তা বলুক, দুজনই পদত্যাগ করবেন। ঘটনা ঠিক কি না নিশ্চিত হতে পাকিস্তান থেকে আসা দুই সাংবাদিক কাল দুপুরে অনুশীলনের সময় ওয়াকারের সঙ্গে কথা বলার খুব চেষ্টা করলেন। ওয়াকার সংবাদমাধ্যমের ত্রিসীমানায় এলে তো!
সাকিব আল হাসান আগের দিন এসেছেন। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেবারিট বলে ঘোষণা করেছিলেন। টেস্টটা ভিন্ন খেলা বলে তা করেননি। তবে তাঁর যে দাবি, তাতে প্রকারান্তরে একরকম কি তা-ই বলা হলো না? বাংলাদেশের বোলিং ওদের তুলনায় অনেক ভালো, ফিল্ডিংয়েও বাংলাদেশই এগিয়ে। পাকিস্তানের ব্যাটসম্যানরা যদি অভিজ্ঞতায় এগিয়ে থাকেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসে। সব মিলিয়ে সাকিবের কি মনে হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার সেরা সুযোগ এটাই?
কাল সন্ধ্যায় নিদ্রাজড়িত কণ্ঠে সাকিব একটু সংশোধনী দিলেন, ‘সেরা সুযোগ বলব না। তবে সুযোগ তো বটেই। সুযোগ সব সময়ই থাকে, সেটি এখন আরেকটু বেশি।’
এই টেস্টের প্রতিপক্ষ ও ভেন্যু দুটিই সাকিবকে সুখানুভূতিতে আচ্ছন্ন করার কথা। সোয়া তিন বছর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেটের অলরাউন্ড কীর্তি। ‘কীর্তি’ কথাটা অবশ্য গত নভেম্বরে খুলনার এই মাঠে সর্বশেষ টেস্টটির জন্য তুলে রাখা উচিত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি ও ১০ উইকেট। যা তাঁকে বসিয়ে দিয়েছে ইমরান খান ও ইয়ান বোথামের মতো দুই কিংবদন্তির পাশে। আবার সেই মাঠে পা রাখার পর সুখস্মৃতিটা সাকিবের মনে পড়ারই কথা। কী আশ্চর্য, একদমই নাকি পড়েনি! বিশ্বাস করবেন কি করবেন না, তা আপনার ব্যাপার। তবে সাকিবের এমনই দাবি।
ওই টেস্টে জিম্বাবুয়ের ২০ উইকেটের ১৮টিই নিয়েছিলেন বাংলাদেশের স্পিনাররা, দ্বিতীয় ইনিংসের ১০টিই। পিচের চেহারাছবি যা বলছে, তা এবারও স্পিন-উৎসবই হওয়ার কথা। সংবাদ সম্মেলনে মিসবাহ-উল-হক যেটিকে ‘টিপিক্যাল বাংলাদেশি উইকেট...স্লো টার্নিং উইকেট, লো বাউন্স’ বলে বর্ণনা করার পর বললেন, কন্ডিশনটা তাঁর কাছে দুবাই বা আবুধাবির মতোই লাগছে। পাকিস্তান তিনজন পেসার খেলাবে কি না, এক সাংবাদিকের এই প্রশ্নের জবাব দিলেন পাল্টা প্রশ্ন করে, ‘এটাকে কি তিন পেসার খেলানোর মতো উইকেট বলে মনে হচ্ছে আপনার?’
এর ঘণ্টা তিনেক পর সিটি ইন হোটেলের ছাদের সুইমিংপুলে ৩৭ বছর বয়সী এক সাঁতারু ঘোষণা করলেন, ‘এই উইকেটে তৃতীয় দিন থেকে বল টার্ন করবেই।’ আসল পরিচয় অবশ্য সাঁতারু নয়, বক্তার নাম সাঈদ আজমল। সুইমিংপুলে সঙ্গী জুলফিকার বাবরকে দেখিয়ে যিনি দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারকে রণকৌশলের বিস্তারিত ব্যাখ্যাও করলেন, ‘প্রথম ইনিংসে ও ভালো করবে। দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ।’ আর তিনি নিজে? হাসিখুশি আজমলকে দেখে অনুমান করা কঠিন, তবে তিনি একাদশের বাইরেই থাকছেন বলে গুঞ্জন। অস্বাভাবিক কিছু নয়। একদা তাঁর রহস্যময় অফ স্পিনের রহস্য যে আসলে ইচ্ছামতো কনুই ভাঙায় লুকিয়ে ছিল, সেটি তো এরই মধ্যে প্রমাণিত।
বাংলাদেশের একাদশ চূড়ান্ত না হলেও সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের টেস্ট অভিষেক নিয়ে সংশয় নেই। লিটন কুমার দাস ও শাহাদাত হোসেনকে বাইরে রেখে বারোজনে নামিয়ে আনা হয়েছে দল। তাইজুল না জুবায়ের—এই দ্বিধার উত্তর খোঁজা হবে আজ সকালে। নামের ক্রম দেখে পাল্লাটা কার দিকে ভারী, তা বুঝে নিতে পারেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাফল্যে এই টেস্ট নিয়ে আগ্রহটা এমনিতেই আকাশ ছুঁয়েছে। খেলাটা খুলনায় বলে তাতে লেগেছে উৎসবের রং। খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট মানেই রাস্তায় রং-বেরঙের মরিচবাতি আর তোরণের পর তোরণ। আতিশয্যও চোখে পড়তে বাধ্য। হোটেল থেকে স্টেডিয়ামে যেতে যেতে পাকিস্তান দলের যেমন ধারণা হতে পারে, এই দেশের ক্রিকেটে সবচেয়ে বড় দুই তারকা বোধ হয় দুই ‘হাসান’!
একজন কে, তা তো বুঝেই ফেলেছেন। এক মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে রাস্তার দুই পাশেই ছিলেন সাকিব আল হাসান। এক পাশে তাঁকে ঢেকে দিয়ে একের পর এক বিসিবি সভাপতি নাজমুল হাসানের ছবি। খুলনায় টেস্ট ম্যাচ আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানানো চলছে তো চলছেই। না, না, বৈচিত্র্যও আছে। বেশ কটিতে কৃতজ্ঞতা জানানো হয়েছে বিশ্বকাপের সময় শেখ আবু নাসের স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্ট আয়োজন করার জন্যও!
খেলাটা আর খেলায় থাকল না!