টেস্টেও নতুন কিছুর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমিনুলের চোখ মাঠে, মাহমুদউল্লাহর আকাশে। মাঠের উইকেট আর বর্ষার আকাশের ওপর যে অনেকটা নির্ভর করছে চট্টগ্রাম টেস্টের ভাগ্যও! কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l প্রথম আলো
মুমিনুলের চোখ মাঠে, মাহমুদউল্লাহর আকাশে। মাঠের উইকেট আর বর্ষার আকাশের ওপর যে অনেকটা নির্ভর করছে চট্টগ্রাম টেস্টের ভাগ্যও! কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে l প্রথম আলো

সাকিব আল হাসান উইকেট দেখছেন! বিরল এক দৃশ্য। যখন অধিনায়ক ছিলেন, তখনো ম্যাচ শুরুর আগে উইকেটে কৌতূহলী দৃষ্টি ফেলতে খুব একটা দেখা যেত না। সংবাদ সম্মেলনে এ নিয়ে কিছু জিজ্ঞেস করলেও ‘আমি উইকেট বুঝি না’ বলে এড়িয়ে যেতেন। সেই সাকিব কাল ইনডোরের নেট থেকে বেরিয়েই উইকেটের মনোযোগী দর্শক।
গত চার দিনের মধ্যে কাল ওই সময়ই মাত্র দ্বিতীয়বারের মতো উইকেটের ঢাকনা সরেছে। টানা বৃষ্টির কারণে এই কয় দিন উইকেটের কোনো পরিচর্যা হয়নি। কাটা হয়নি ঘাস। ২২ গজে ৪ মিলিমিটারের মতো লম্বা ঘাস দেখে একটু চমকেই গিয়েছিলেন সাকিব। পরে ওগুলো ছেঁটে ফেলা হবে শুনে আশ্বস্ত হলেন। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরার সময় অবশ্য সাকিব তাঁর উইকেট-দর্শন নিয়ে ‘ট্রেডমার্ক’ বক্তব্যই দিয়ে গেলেন, ‘আমি তো আসলে উইকেট দেখে কিছু বুঝি না।’
—এমনিতে তো খেলার আগে উইকেট তেমন একটা দেখেনও না। আজ তাহলে কী দেখতে গেলেন?
সাকিব: আগে প্রেস কনফারেন্সে যাওয়ার সময় মাঝে মাঝে একটু দাঁড়াতাম। আজ (গতকাল) প্রেস কনফারেন্সে যাব না। তাই এক নজর দেখে এলাম।
উইকেট দেখে কিছু বুঝলেও সাকিবের পক্ষে ওই সময় এ নিয়ে মন্তব্য করা কঠিন ছিল। উইকেট যে তখনো পুরোপুরি প্রস্তুতই হয়নি! চার দিন আগে যে পানি দেওয়া হয়েছিল, সেটাই শুকায়নি কাল সকাল পর্যন্ত। তার ওপর উইকেট নিয়ে দলের ভেতর থেকে দুই রকম চাওয়া ছিল বলে গুঞ্জন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাচ্ছিলেন, উইকেটে ঘাস থাকুক। অধিনায়ক-নির্বাচকেরা ঘাস রাখার বিপক্ষে। শেষ পর্যন্ত তাঁদের ইচ্ছাই জয়যুক্ত হয়েছে। কাল দুপুরে অনেকটাই ছেঁটে ফেলা হয়েছে ঘাস।
বৃষ্টি উইকেটের প্রস্তুতিতে বাদ সাধায় কিউরেটর জাহিদ রেজার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য বৃষ্টি-উইকেট এসব নিয়ে চিন্তায় মাথা ভারী করতে রাজি নন, ‘কন্ডিশন নয়, আমরা আমাদের শক্তির কথা বিবেচনা করে একাদশ নির্বাচন করব। কন্ডিশন দুই ঘণ্টার মধ্যে বদলে যেতে পারে। কিন্তু আমরা তো দুই ঘণ্টা খেলব না, খেলাটা পাঁচ দিনের।’ সে তুলনায় মুশফিকুর রহিম কিছুটা ভারসাম্যপূর্ণ। একাদশ ঠিক করায় নিজেদের শক্তি এবং কন্ডিশন দুটোরই সমান প্রভাব থাকবে, এই হলো তাঁর মত।

অনুশীলনে ছুটছেন ‘স্টেইন-গান’। সাকিব-মুশফিকরা কি পারবেন তাঁকে থামাতে? l প্রথম আলো
অনুশীলনে ছুটছেন ‘স্টেইন-গান’। সাকিব-মুশফিকরা কি পারবেন তাঁকে থামাতে? l প্রথম আলো

কোচ, অধিনায়কের চিন্তায় পার্থক্য এটুকুই। আশাবাদের জায়গায় দুজনই এক বিন্দুতে। ওয়ানডেতে সাম্প্রতিক জয়ের ধারায় দলের আত্মবিশ্বাসটা তুঙ্গে। যদি বলেন এটা তো টেস্ট, ক্রিকেটের পরিভাষায় ‘ডিফারেন্ট বল গেম’, তাতেও যা বদলাচ্ছে না। মুশফিক টেনে আনছেন টেস্টে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে, ‘গত কয়েক মাসে আমরা যে কয়টা টেস্ট খেলেছি, তার তিনটিতে জিতেছি। হতে পারে তা জিম্বাবুয়ের বিপক্ষে, তবে তাদের ২০টি উইকেটও তো নিতে হয়েছে।’ তিন জয়ের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি ড্র-ও আত্মবিশ্বাসে নীরব জ্বালানি।
যে কারণে এর আগে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ টেস্ট খেলে ৭টিতেই ইনিংস পরাজয়, তাদের বিপক্ষে নামার আগেও মুশফিক বলতে পারছেন, ‘আমাদের খেলোয়াড়েরা খুব ভালো ছন্দে আছে, এটা দারুণ সুযোগ।’ আর এ সুযোগ কাজে লাগাতে একটাই করণীয় দেখছেন—পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলা। বোলারদের ২০ উইকেট নেওয়ার সামর্থ্যের সনদ দিচ্ছেন। ইমরুল, মুমিনুল যোগ হওয়ায় ব্যাটিংয়েও পাচ্ছেন বাড়তি ভরসা। সর্বশেষ ছয় টেস্টে তিন সেঞ্চুরি আর দুই ফিফটি ইমরুলের। এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁতে না পারলেও মুমিনুল গত ১২ টেস্টের ১১টিতেই পেয়েছেন ফিফটি। তার পরও ভয় একটা আছে—প্রতিপক্ষের পেস আক্রমণ। হাথুরুসিংহের কথায়ও সে আভাস, ‘ওদের বোলিংই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টেস্টে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বিশ্বমানের। আমাদের ব্যাটসম্যানরা তাদের ফাস্ট বোলারদের কীভাবে সামলায়, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে।’
কন্ডিশন আর উইকেটের প্রসঙ্গ এসে যাচ্ছে এখানেও। বৃষ্টিস্নাত সিমিং কন্ডিশনে স্টেইন-মরকেলরা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটি তো না বললেও চলে। তার ওপর উইকেট যেখানে অজানা রহস্য নিয়ে অপেক্ষায়।
বৃষ্টির কারণে অপ্রস্তুত উইকেট নিয়ে যতই দুশ্চিন্তা থাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকা যাচ্ছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটফিল্ডের পানিনিষ্কাশনব্যবস্থা বিশ্বমানের। কাল সকালেই যেমন মুষলধারে বৃষ্টি হওয়ার ৩০-৪০ মিনিট পরই মাঠে নেমে পা দিয়ে চাপ দিয়েও পানি বের করা গেল না।
বৃষ্টির কথা ঘুরেফিরে আসছে। তবে বাংলাদেশ দল যেন সেটিকে ভুলেই থাকতে চাইছে। ওয়ানডের পর টেস্টেও নতুন ইতিহাস গড়ার স্বপ্ন যে বিভোর করে রেখেছে তাঁদের!