টেস্টেও নিজেকে চেনাতে চান সৌম্য

১৬টি ওয়ানডে খেলে চার ফিফটির সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেছেন। রানের গড় প্রায় পঞ্চাশ। সে তুলনায় টেস্ট-সামর্থ্যের প্রমাণ এখনো সেভাবে দেওয়া হয়নি। তিন ম্যাচে পাঁচ ইনিংস খেলে নামের পাশে মাত্র ১০৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের আসন্ন সিরিজে সৌম্য সরকারের লক্ষ্যটা তাই অনুমান করা একটুও কঠিন নয়। টেস্ট দলে জায়গা পাকা করাই লক্ষ্য হবে ওয়ানডের এই মারকুটে ব্যাটসম্যানের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কোনো ওয়ানডে নেই। শুধুই দুটি টেস্ট। কাল তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে সৌম্যের কথোপকথনের বিষয়ই হয়ে থাকল ‘টেস্টের সৌম্য সরকার’। ওয়ানডেতে তিনি এত ভালো ব্যাটসম্যান, বাংলাদেশের নতুন তারকা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন, সেই সামর্থ্য কেন টেস্টে পেখম মেলে না! ওয়ানডেতে ওপরের দিকে ব্যাট করেন আর টেস্টে সাত বা ছয়ে নামেন বলেই কি? নাকি সৌম্য টেস্টের ব্যাটিংটাই এখনো ঠিক রপ্ত করতে পারেননি!
হতে পারে শেষটিই মূল কারণ। ওয়ানডেতে যতটা সাবলীল আর নির্ভীক তাঁর ব্যাট, টেস্টে এখনো ততটা হয়ে উঠতে পারেনি। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনায় শুরুটা মোটামুটি হয়েছিল। নার্ভাসনেসটা পরিষ্কার বোঝা গেলেও দুই ইনিংসেই করেছিলেন ৩৩ রান। ঢাকা টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কে পৌঁছাতে না পারলেও ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৩৭। ৩৩, ৩৭—এগুলো আসলে এমন স্কোর, সৌম্যের মতো সম্ভাবনাময় ব্যাটসম্যানের ব্যাপারে যা থেকে সিদ্ধান্ত নেওয়া একটু কঠিনই। টেস্টে তাঁর সম্ভাবনাটা এখনো তাই ভালোভাবেই টিকে আছে। শুধু যত দ্রুত সম্ভব সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
সাতক্ষীরার এই তরুণ অবশ্য টেস্টের ব্যাটিং নিয়ে দুই রকম কথাই বলেছেন। ওয়ানডের ব্যাটিংয়ের ধরনটা ধরে রেখেই মেটাতে চান টেস্টের দাবি, ‘আমি যেভাবে খেলি, সেটাই ধরে রাখতে হবে। এরপরও কিছু বিষয় আছে, যেখানে আরও কাজ করার প্রয়োজন আছে। টেস্টের একটা আলাদা চাহিদা আছে, সেটা পূরণের জন্য কাজ করব।’
ওয়ানডেতে তিন নম্বরে শুরু করে এখন হয়ে গেছেন ওপেনার। তাই বলে টেস্টেও সেই জায়গা দাবি করছেন না সৌম্য। বরং যেখানে ব্যাটিং করছেন, প্রতিষ্ঠা পেতে চান সেখানেই, ‘আমার লক্ষ্য যেকোনো জায়গায় সুযোগ পেলেই যেন ভালো করতে পারি। ওখানেও দায়িত্ব পালনের সুযোগ থাকে। কারণ ওই জায়গায় একেক সময় একেক রকম পরিস্থিতিতে ব্যাটিং করতে হয়।’ সৌম্যের বিশ্বাস, একবার টেস্ট খেলার সামর্থ্যের প্রমাণ দিতে পারলে জায়গা নিশ্চিত হয়ে যাবে সব ধরনের ক্রিকেটেই।
সেটা প্রমাণের অনেক বড় সুযোগ নিয়ে আসছে অস্ট্রেলিয়া সিরিজ। দলের আর সবার মতো সৌম্যও মুখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার জন্য আমরা সব সময় মুখিয়ে থাকি। বিশ্বকাপে খেলার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলতে পারিনি। এখন সামনে টেস্ট। ওদের বিপক্ষে খেলতে পারলে বোঝা যাবে আমাদের পারফরম্যান্সটা ঠিক কোথায় আছে।’
অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় লিগে এক-দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন খেলোয়াড়েরা। সৌম্য চান ম্যাচ অনুশীলনের সেই সুযোগ কাজে লাগাতে। তাঁর টেস্ট দলে থিতু হওয়ার স্বপ্নটাও হয়তো অনেকখানি নির্ভর করবে এই ম্যাচগুলোর ওপর।