টেস্টেও পয়েন্ট বাড়ল বাংলাদেশের
পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হেরেও ১টি রেটিং পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। দুই দিন পর টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদও খুশির খবর দিল বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন হয়নি, বাংলাদেশ আছে আগের নবম স্থানেই। তবে রেটিং পয়েন্ট আরও বেড়েছে। ৬ পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩৯। ৩০ এপ্রিল প্রকাশিত ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদও সুখবর দেয় বাংলাদেশকে। ওয়ানডেতে পাকিস্তানকে নয়ে ঠেলে বাংলাদেশ উঠে যায় আটে। টি-টোয়েন্টিতেও এক ধাপ এগিয়ে বাংলাদেশ ওঠে নয়ে।
ওয়ানডের মতো টেস্ট র্যাঙ্কিংয়েও পতন হয়েছে পাকিস্তানের। দুই দিনের ব্যবধানেই তিন থেকে ছয়ে নেমে গেছে বাংলাদেশকে সিরিজে হারিয়ে যাওয়া পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রাখলেও ব্যবধান বেড়ে গেছে দুই দলের মধ্যে। দুই দিন আগে দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৬ দেখালেও গতকাল সেটা বেড়ে হয়েছে ২২।
র্যাঙ্কিংয়ে ওলটপালট হয়েছে হিসাব-নিকাশ থেকে ২০১১-১২ মৌসুমটা বাদ দেওয়ায় ও পরের মৌসুমগুলোর পারফরম্যান্স পুনর্মূল্যায়িত হওয়াতেই। ২০১৩-১৪ মৌসুমের মূল্যায়ন যেমন কমে অর্ধেক হয়ে গেছে। নতুন এই মূল্যায়নে লাভ হয়েছে নিউজিল্যান্ড ও ভারতের। নিউজিল্যান্ড দুই ধাপ এগিয়ে উঠেছে তিনে। তিন ধাপ এগিয়ে ভারত উঠে এসেছে চারে। ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় হিসাব থেকে বাদ যাওয়াতেই ভারতের উন্নতি। অন্যদিকে পাকিস্তান পিছিয়েছে ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ড সিরিজটা বাদ পড়াতে। পাকিস্তান সিরিজটা জিতেছিল ৩-০-তে। ২০১১-১২ মৌসুমে ৪ ম্যাচ খেলে তিনটিতেই হেরেছিল বাংলাদেশ, ড্র হয়েছিল অন্য ম্যাচটি। অন্যদিকে এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ।
সর্বশেষ এই হালনাগাদ জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাসই দিচ্ছে র্যাঙ্কিং তালিকায়। তৃতীয় স্থানের দল নিউজিল্যান্ডের সঙ্গে সপ্তম দল শ্রীলঙ্কার পয়েন্টের ব্যবধান মাত্র ৩। তাই আগামী কয়েক মাসে বারবারই পরিবর্তন আসতে পারে তালিকার মাঝের অংশটুকুতে।
টেস্ট র্যাঙ্কিং
রেটিং
| ১ (-) | দ. আফ্রিকা | ১৩০ (+৬) |
| ২ (-) | অস্ট্রেলিয়া | ১০৮ (-১০) |
| ৩ (+২) | নিউজিল্যান্ড | ৯৯ (০) |
| ৪ (+৩) | ভারত | ৯৯ (+৪) |
| ৫ (-১) | ইংল্যান্ড | ৯৭ (-৫) |
| ৬ (-৩) | পাকিস্তান | ৯৭ (-৫) |
| ৭ (-১) | শ্রীলঙ্কা | ৯৬ (০) |
| ৮ (-) | ও. ইন্ডিজ | ৮৪ (+৫) |
| ৯ (-) | বাংলাদেশ | ৩৯ (+৬) |
| ১০ (-) | জিম্বাবুয়ে | ৫ (-১৩) |