টেস্টেও বিশ্বকাপের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ তাহলে এসেই গেল!
আজ বাদে কাল শুরু হচ্ছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। কিন্তু এই সিরিজ নিয়ে আলোচনা কমই! মুখোমুখি হওয়া দুই দলের মাথাতেই আগামী ফেব্রুয়ারি-মার্চের বিশ্বকাপ। টেস্ট খেলতে নেমেও দুই দলকেই ভাবতে হচ্ছে বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়ে। বিশ্বকাপের চূড়ান্ত দল দেওয়ার শেষ সময় ৭ জানুয়ারি। দুই ম্যাচের টেস্ট সিরিজটা শেষ হওয়ার কথা ওই দিনই। তাই দুই দলের কাছেই টেস্ট সিরিজটাই এখন খেলোয়াড়দের শেষবারের মতো বাজিয়ে নেওয়ার সুযোগ।
আগামীকাল (বাংলাদেশ সময় ভোর ৪টা) শুরু হওয়া প্রথম টেস্টের ভেন্যু আবার হ্যাগলি ওভাল। ক্রাইস্টচার্চের এই মাঠেই ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপের ছায়াটা তাই ভালোভাবেই পড়েছে প্রথম টেস্টের ওপর। সফরকারী শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু তো টেস্ট সিরিজটাকে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া উপলক্ষ হিসেবেই নিয়েছেন। টেস্টের পর সাত ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার তিনটি ম্যাচ নিউজিল্যান্ডে, লঙ্কানরা মানিয়ে নেওয়ার জন্য তাই লম্বা সময়ই পাচ্ছে।
তবে কন্ডিশনের চেয়েও আতাপাত্তু এখন বেশি ভাবছেন বিশ্বকাপে দলটা কেমন হবে তা নিয়ে, ‘সম্ভাব্য সবাইকে বাজিয়ে দেখার পর্যায়টা পেছনে ফেলে এসেছি। দলটা এখন নেমে এসেছে ৩০ জনে। একটি-দুটি জায়গা ছাড়া এই ত্রিশের কোন ১৫ জন বিশ্বকাপে যাবে সেটাও প্রায় চূড়ান্ত।’ যে একটি-দুটি জায়গা নিয়ে শ্রীলঙ্কার নির্বাচকদের ভাবতে হচ্ছে, তার একটি ওপেনিংয়ে তিলকরত্নে দিলশানের সঙ্গী নির্বাচন।
আপাতত অবশ্য টেস্ট সিরিজের দল নিয়েও ভাবতে হচ্ছে আতাপাত্তুকে। মাহেলা জয়াবর্ধনে টেস্ট ছেড়েছেন, বিশাল এই শূন্যতা পূরণ করতে হবে। পূরণ করতে হবে পায়ের চোটে প্রথম টেস্ট খেলতে না পারা অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথের জায়গাটাও। হেরাথের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের হাঁফ ছেড়েই বাঁচার কথা। ২০১৪ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া হেরাথ নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টে নিয়েছেন ৩১ উইকেট।
নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে যথারীতি সবুজ গালিচা অভ্যর্থনাই দিচ্ছে। আট বছরের মধ্যে ক্রাইস্টচার্চের প্রথম টেস্টে রাজত্ব থাকার কথা পেসারদেরই। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানও ভাবছেন এমনটাই, ‘এটা বলাই যায় দ্রুতগতির বোলাররাই এখানে সুবিধা পাবে। এটাও নিশ্চিত ফাস্ট বোলারদের মুখে হাসি ফিরবে।’ ‘হাসি ফেরা’র কথা বলেছেন নিউজিল্যান্ডের সর্বশেষ সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের ঊষর মরুতে খেলা হয়েছে বলে।
টেস্ট ক্রিকেটের নবতম ভেন্যুতে নিউজিল্যান্ড চার পেসার নিয়ে নামবে কি না সেটা অবশ্য পরিষ্কার করেননি ম্যাকমিলান, ‘চার সিমার নিয়ে খেলাটাও একটি বিকল্প হতে পারে। যেহেতু শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে অনেক বাঁহাতি, তাই অফ স্পিনার মার্ক ক্রেগের গুরুত্বও কম নয়।’
গত মৌসুমে ঘরের মাঠে দুটি টেস্ট সিরিজ জেতার পর ওয়েস্ট ইন্ডিজেও সিরিজ জয়, এরপর আমিরাতে পাকিস্তানের সঙ্গে ড্র। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে ফেরা কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বিশ্বকাপের আগে সুসময়টাকে আরেকটু বাড়িয়ে নিতে তো চাইবেনই। রয়টার্স, ক্রিকইনফো।