টেস্টেও রঙিন হতে চান বাবর

কামরান আকমল, আদনান আকমল ও উমর আকমল—শুধু পাকিস্তান কেন আন্তর্জাতিক ক্রিকেটেই পরিচিত মুখ। যদিও বাবর আজমের ক্রিকেটার হওয়ার পেছনে তাঁর কাজিনদের নাকি খুব একটা ভূমিকা নেই। ভূমিকা যদি থেকে থাকে, সেটি এবি ডি ভিলিয়ার্সের! দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যানের ব্যাটিং দেখেই যে বাবর অনুপ্রাণিত হয়েছেন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার। তাই এবির মতোই তাঁর চাওয়া ক্রিকেটের তিন ফরম্যাটেই আলো ছড়ানোর।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত সাফল্য পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাবরকে। ২০১৫ সালের মে মাসে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই পেয়েছিলেন ফিফটি। কিন্তু পরে ইনিংস দীর্ঘ না করতে পারার রোগে পেয়ে বসেছিল বয়সভিত্তিক ক্রিকেট রাঙিয়ে আসা বাবরকে। ক্যারিয়ারের প্রথম ১৯ ইনিংসে ৬ ফিফটির বিপরীতে ছিল না একটিও সেঞ্চুরি।
কেন ধারাবাহিক ভালো করতে পারছেন না, সেটির ধাঁধা মেলাতে যদিও সময় নেননি বাবর। যিনি কিনা সেঞ্চুরিই পাচ্ছিলেন না, গত বছরের অক্টোবরে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে করে ফেললেন সেঞ্চুরির হ্যাটট্রিক! টানা তিন সেঞ্চুরি করে বসে গেলেন দুই পাকিস্তানি কিংবদন্তি জহির আব্বাস আর সাঈদ আনোয়ারের পাশে।
অর্জনটার কথা মনে পড়তে উজ্জ্বল হয়ে উঠল বাবরের মুখটা, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে খুশির মুহূর্ত বলতে পারেন টানা তিন সেঞ্চুরি। তবে এটাতে খুব বেশি কিছু হয়নি। একটু বিখ্যাত হয়ে গেছি আর কী!’ ৩৬ ওয়ানডেতে ৭ ফিফটি, ৭ সেঞ্চুরিতে ৫৮.৭০ গড়ে ১৭৫৮ রান করা বাবরের সামনে আরও একটি রেকর্ডের হাতছানি। ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ডটি (৪০ ইনিংসে) এখন হাশিম আমলার। এটি ভাঙতে বাবরকে করতে হবে ৩ ইনিংসে ২৪২ রান। রেকর্ডটার কথা জানা থাকলেও এটা নিয়ে খুব একটা ভাবতে চান না ২৩ বছর বয়সী ব্যাটসম্যান, ‘এটা ভেবে অহেতুক চাপ নিতে চাই না। সামনে যে ম্যাচগুলো আসবে, স্বাভাবিক ম্যাচ ভেবেই খেলব।’
দুই বছরের ক্যারিয়ারের অনেক আনন্দদায়ী স্মৃতিই যোগ হয়েছে বাবরের। তবে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে নিশ্চয়ই তুলনা হয় না কোনোটির। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও ফাইনালে সেই কোহলিদের গুঁড়িয়ে শিরোপা জয়-কঠিন পথটা পাড়ি দেওয়ার গল্প শোনাতে গিয়ে মুখে একচিলতে হাসি ফুটে ওঠে বাবরের, ‘প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়ার পর অনেক সমালোচনা হয়েছিল। ওদের সঙ্গে একটা হিসাব-নিকাশের ব্যাপার ছিল। টিম মিটিংয়ে আমরা একটা কথা বলেছি, একে অপরের ওপর আস্থা রাখো। আশা করি, আমরা ভালো করব।’
গত দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলে যিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন, টেস্টে সেই বাবর কেমন বিবর্ণ। ১১ টেস্টে ২৩.৭৫ গড়ে রান ৪৭৫। ফিফটি চারটি, সেঞ্চুরি নেই একটিও। ইউনিস খানের অবসরের পরে পাকিস্তান দলে ৪ নম্বর পজিশনে যাঁকে সবচেয়ে সম্ভাবনাময়ী মনে হচ্ছে সেই বাবর কেন সীমিত ওভারের ছন্দটা টেস্টে টেনে আনতে পারছেন না? উত্তর যদিও তাঁর অজানা নয়, ‘কোথাও সমস্যা নেই। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলে যাব। ওয়ানডেতে ভালো করেছি। এখন টেস্টে মনোযোগ দ্বিগুণ করতে হবে। আর কিংবদন্তির জায়গা কেউ নিতে পারে না। চেষ্টা করব ধারাবাহিক ভালো খেলতে।’