টেস্টের আগে মুশফিকের রানে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টের আগে রানে ফিরলেন মুশফিকুর রহিম। ছবি: ফাইল ছবি।
টেস্টের আগে রানে ফিরলেন মুশফিকুর রহিম। ছবি: ফাইল ছবি।

রীতিমতো এক গোলকধাঁধার মধ্যেই পড়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। হঠাৎ করেই তাঁর ব্যাট ভুলে গেল কথা বলতে! রহস্যজনক কারণে তিনিও মুখে তালা দিয়ে বসলেন। তাঁর সঙ্গে সংবাদমাধ্যম কথা বলতে চাইলে বলতেন, ‘আগে রান করি, তার পর বলব!’ অবশেষে রান পেয়েছেন মুশফিক। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হাসি ফুটেছে ‘মুশি’র ব্যাটে! টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে মুশফিকের ব্যাটে রান বাংলাদেশের জন্য সুখবরই হয়ে এসেছে।
২০১৫ সালটা স্বপ্নের মতোই গেছে মুশফিকের। ১৮ ওয়ানডেতে ৫১.১৩ গড়ে ২ সেঞ্চুরি ও ৪ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৭৬৭ রান, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। অথচ এ বছরেই ভুলে গেলেন রান করতে! ২০১৬ সালের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। ১৪ টি-টোয়েন্টিতে ১৪.৮৮ গড়ে করেছেন ১৩৪ রান। এমন পরিসংখ্যান ধন্দে ফেলে দিতে বাধ্য, এটি ব্যাটসম্যান মুশফিকের পরিসংখ্যান তো!
আফগানিস্তান সিরিজেও মুশফিককে দেখা যায়নি চেনা রূপে। ৩ ওয়ানডেতে ১৮.৬৬ গড়ে রান ৫৬। উইকেটের সামনে সময়টা তাঁর ভালো যাচ্ছে না, প্রায় একই অবস্থা পেছনেও। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সহজ স্টাম্পিং হাতছাড়া করে হলেন তুমুল সমালোচিত। ইংল্যান্ড সিরিজের শুরুতেও জ্বলে উঠতে পারেননি মুশফিক। প্রথম ওয়ানডেতে ১২ রানে আউট হওয়ার পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তো দলে তাঁর জায়গা নিয়েই প্রশ্ন উঠে গেল।
আধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন সেদিন। কার জায়গা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে! সতীর্থকে আগলেই রেখেই মাশরাফি বলেন, ‘মুশফিক আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটি আমরা সবাই জানি। তিন-চার ম্যাচ খারাপ খেললেই মুশফিককে নিয়ে প্রশ্ন করা দুঃখজনক। সে আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। ঠিক সময়েই ও ফিরে আসবে।’
‘ঠিক সময়েই’ ফিরেছেন মুশফিক। চট্টগ্রামে ফাইনালে রূপ নেওয়া সিরিজের শেষ ম্যাচে ১২২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপে, তখনই উইকেটে দাঁড়িয়ে গেলের বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান। ৬২ বলে খেলেছেন অপরাজিত ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ২৩টি আন্তর্জাতিক ম্যাচ পর মুশফিককে পাওয়া গেল পুরোনো রূপে।
যদিও ক্রিস ওকসের বলে বেন স্টোকসের হাতে ৪৪ রানে জীবন পেয়েছিলেন মুশফিক। তাতেও তাঁর ইনিংসের মহিমা কমছে না। বাউন্ডারির চেয়ে এক-দুইয়েই বেশি মনোযোগ ছিল মুশফিকের। ৪৩ রানই নিয়েছেন দৌড়ে। গড়েছেন দুটি কার্যকরী জুটি। প্রথমে সাব্বিরকে নিয়ে চতুর্থ উইকেটে ৫৪, পরে অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগ করেছেন ৮৫ রান। তামিম ইকবাল-ইমরুল কয়েসের পর এই দুটি জুটিই ইংলিশদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করেছে বাংলাদেশকে।
ওয়ানডে সিরিজ শেষ। শুরু হচ্ছে টেস্ট। টেস্টে তো মুশফিক দেশের অধিনায়কই। এখানে তাঁর ব্যাটকে কথা বলতে হবে দায়িত্ববোধ নিয়েই। শেষ ওয়ানডেতে রানে ফিরে মুশফিক হয়তো অনেকটা আত্মবিশ্বাসীও।
বহুদিন পর দেখা গেছে চেনা মুশফিককে। টেস্টেও চেনা মুশফিককে পেতে চায় বাংলাদেশ। দেশের হয়ে টেস্টে প্রথম দ্বিশতকটি যে তাঁরই।