টেস্টের জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪০ বছর আগে ঠিক এই দিনেই শুরু হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। ১৮৭৭ সালের ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথ দিয়েই জন্ম হয়েছিল টেস্ট ক্রিকেটের। জন্মদিনে এবার একটু অন্য রকম উপহারই পেল টেস্ট ক্রিকেট। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচটা যে শুরু হচ্ছে আজই!
টেস্ট খেলুড়ে ১০ দলের মধ্যে শুধু বাংলাদেশই তাদের ১০০তম ম্যাচটা শুরু করল ঠিক ১৫ মার্চ। তবে শুরুটা ১৫ মার্চ না হলেও টেস্টের জন্মদিনে শততম ম্যাচ খেলেছে আরেকটি দলও—পাকিস্তান। পাকিস্তানের শততম টেস্টটি শুরু হয়েছিল ১৯৭৯ সালের ১০ মার্চ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচটিতে ১৩ মার্চ ছিল বিশ্রামের দিন। ম্যাচের পঞ্চম দিন তাই পড়ে যায় ১৫ মার্চ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১০ রানে অলআউট করে পাকিস্তান ম্যাচটা জেতে ৭১ রানে।
জন্মদিনে না হলেও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের শততম টেস্টও শুরু হয়েছিল মার্চ মাসে। আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ধরে ১৫ মার্চ শুরু হওয়া টেস্ট ম্যাচের সংখ্যাই অবশ্য মোটে আটটি। এর পাঁচটি ম্যাচই আবার এই শতাব্দীতে। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টের পর ১৫ মার্চ শুরু দ্বিতীয় টেস্ট দেখতে অপেক্ষা করতে হয়েছিল ১৯৬৩ সাল পর্যন্ত। ক্রাইস্টচার্চের ম্যাচটিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।