টেস্টের তৃষ্ণায় বেইলির ত্যাগ

জন্মদিনটা যত এগিয়ে আসছিল, মনে ভাবনার দোলাচলও বাড়ছিল নিশ্চয়ই? টি-টোয়েন্টিতে তিনি দেশের অধিনায়ক, ওয়ানডেতেও এখন দলের একটা ভরসা। কিন্তু আসল ক্রিকেট যেটি, সেই টেস্ট তো তাঁর কাছে অতৃপ্ত এক গল্প! সেই আক্ষেপের গল্পটাকে বদলে দিতে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে নিলেন জর্জ বেইলি। কাল নিজের ৩২তম জন্মদিনে ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার। টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত করতে আসছে অস্ট্রেলিয়ান মৌসুমে মন দিতে চান প্রথম শ্রেণির ক্রিকেটে।
গোলটা বাধিয়েছে আসলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সূচি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া আরব আমিরাতে, পরের মাসে আরও তিনটি টি-টোয়েন্টি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচগুলো খেললে বড়দিনের আগে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে মাত্র দুটি ম্যাচে খেলতে পারতেন বেইলি। ক্রিসমাসের পর আবার ব্যস্ত হয়ে পড়বেন ওয়ানডে খেলতে। টেস্ট দলে ফেরার দাবি জানাতে দুটি ম্যাচ তো যথেষ্ট নয়! এ জন্যই বেইলির এই ত্যাগ। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবশ্য অবসর নেননি। তবে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না।
টি-টোয়েন্টি না খেললেও যে তাসমানিয়ার সব ম্যাচ খেলতে পারছেন, এমনও নয়। বাড়তি বড়জোর আর দুটি ম্যাচ খেলতে পারবেন বেইলি। তবে এ সুযোগটিও দিতে চান নিজেকে, ‘ভেবে দেখেছি যে আগামী তিন-চার বছরে আমি কোনটিকে অগ্রাধিকার দিতে চাই এবং ক্যারিয়ার থেকে কী পেতে চাই। এই সিদ্ধান্ত (টি-টোয়েন্টি না খেলা) আমাকে শুধু বাড়তি দুটি শিল্ড ম্যাচ দিচ্ছে, কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে আরও কাজ করার জন্য আমি এটাই চাচ্ছিলাম। আগেরবার আমাকে টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া হয়েছিল ওয়ানডে ফর্ম দেখে। আমার মনে হয় না আবার সেটা করা হবে। টেস্ট দলে ঢুকতে হলে শেফিল্ড শিল্ড বা প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক অনেক রান করেই ঢুকতে হবে। এ জন্যই যত বেশি সম্ভব শিল্ড ম্যাচ খেলতে চাই।’
২০১২ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেইলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া তখন পাঁচে, শিরোপা নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই ছবিটা বদলানোর জন্য বেইলির ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্কে বাজি ধরেছিলেন সেই সময়ের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি। ছবিটা অবশ্য পাল্টায়নি। অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে এখনো পাঁচে, বেইলির নেতৃত্বে দুটি বিশ্বকাপের একটিতেও ফাইনাল খেলতে পারেনি অস্ট্রেলিয়া। বেইলি অবশ্য প্রশংসা কুড়িয়েছেন যথেষ্টই। এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়ানডেতে। ২০১১ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি রান তাঁরই। (৪২ ইনিংসে ৪৯.২২ গড় ও ৯১.১০ স্ট্রাইক রেটে ১৭৭২)। ওয়ানডের পারফরম্যান্সেই উপহার পেয়েছিলেন টেস্ট ক্যাপ। কিন্তু গত অ্যাশেজে ৫ টেস্ট খেলে মাত্র একটি ফিফটিতে ১৮৩ রান করার পর জায়গা হারান। এবার সেই জায়গা পুনরুদ্ধারের লড়াইয়ে নামছেন জোরেশোরে।
পাকিস্তান সিরিজের জন্য আজই অস্ট্রেলিয়ার দল ঘোষণা হওয়ার কথা। জানা যাবে নতুন অধিনায়কের নামও। শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও সাবেক অধিনায়ক ক্যামেরন হোয়াইটের নাম শোনা যাচ্ছে সম্ভাব্য হিসেবে। বেইলির ভোট ফিঞ্চের বাক্সে। এএফপি, ক্রিকইনফো।