টেস্টের বিবর্তন

১৮৭৭ সালে মেলবোর্নে ইতিহাসের প্রথম টেস্ট খেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এরপর পেরিয়ে গেছে ১৩৮ বছর। এই সময়ে বেশ
কিছু বড় পরিবর্তন হয়েছে ক্রিকেটে।
ওভার আর্ম বোলিং
১৮৬৪ সালের আগে হাত ঘুরিয়ে বল করা বা ওভার আর্ম বোলিং নিষিদ্ধ ছিল। তখন আন্ডারআর্ম বল করাটাই ছিল স্বাভাবিক। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টের সময় চিত্রটা বদলে যায়। তত দিনে বেশির ভাগ বোলারই ওভার আর্ম বোলিং শুরু করেছেন। আন্ডারআর্ম বোলিং পুরোপুরি নিষিদ্ধ হয় ১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেভর চ্যাপেলের কুখ্যাত সেই বলটির কারণে।
সময়হীন টেস্ট
একসময় টেস্ট ম্যাচের নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিখ্যাত ‘টাইমলেস’ টেস্টের পরই বন্ধ হয়ে যায় অনন্ত সময় ধরে চলা ম্যাচের। ডারবানে সিরিজের শেষ ম্যাচটির দশম দিন শেষে ইংলিশরা দেশে ফেরার জাহাজ ধরতে গেলেই শেষ হয় ম্যাচ। এর আগে-পরে তিন, চার ও ছয় দিনের টেস্ট হলেও ১৯৪৮ সালেই প্রথম পাঁচ দিনের টেস্ট ম্যাচ শুরু হয়।
ঢেকে রাখা পিচ
বিপজ্জনক পিচ—এই কারণে এখন চাইলেই অফিশিয়ালরা ম্যাচ বন্ধ করে দিতে পারেন। কিন্তু একসময় ঝড়-বৃষ্টি যাই হোক না কেন উইকেট ঢেকে রাখা হতো না। খেলতে হতো ক্ষতবিক্ষত উইকেটেই। উইকেট ঢেকে রাখা বাধ্যতামূলক হয় ১৯৭৯ সালে।
পেশাদারি
১৯৭৭ সালে কেরি প্যাকারের বিদ্রোহী ওয়ার্ল্ড সিরিজের আগে ক্রিকেটে পেশাদারি বলতে কিছু ছিল না। ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে খেলোয়াড়দের চুক্তির প্রচলন কেরি প্যাকারের কারণেই।
ছয় বলের ওভার
১৯৭৯-৮০ মৌসুমে আগে কত বলে ওভার হবে তার ধরাবাঁধা নিয়ম ছিল না। কোথাও হতো চার বলের ওভার, কোথাও পাঁচ, ছয় কিংবা আট বলের ওভার। ১৯৩৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় হতো আট বলের ওভার।
তৃতীয় আম্পায়ার
টেলিভিশনে রিপ্লে দেখে রানআউট ও স্টাম্পিংয়ের সিদ্ধান্ত নিতে প্রথম তৃতীয় আম্পায়ার নিয়োগ দেওয়া হয় ১৯৯২ সালে। পরে আরও কিছু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাও পেয়েছেন তৃতীয় আম্পায়াররা।
নিরপেক্ষ আম্পায়ার
দুই প্রান্তেই নিরপেক্ষ আম্পায়ার বাধ্যতামূলক হয় ২০০২ সালে। ১৯৯২ সাল থেকেই অবশ্য এক প্রান্তে নিরপেক্ষ আম্পায়াররা দাঁড়াতেন।
দিবারাত্রির টেস্ট
বেশি করে দর্শক টানতে ও প্রাইম টাইমে টেলিভিশন সম্প্রচারের সুবিধা নিতেই আজ থেকে শুরু হচ্ছে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট। সাদা পোশাক আর গোলাপি বলের ক্রিকেট।