টেস্টের মধ্যেই ভারতীয় দলে করোনা, আইসোলেশনে শাস্ত্রীসহ চারজন
ওভাল টেস্টের উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই করোনা পজিটিভ হয়েছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁকে নেওয়া হয়েছে আইসোলেশনে। শাস্ত্রীর সঙ্গী হয়েছেন ভারতীয় দলের কোচিং স্টাফের আরও তিনজন। বিসিসিআই জানিয়েছে, তৃতীয় দিন শেষে গতকাল ল্যাটারাল ফ্লো টেস্টে পজিটিভ এসেছে ভারত-কোচের।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘শাস্ত্রী সঙ্গে আইসোলেশনে গেছেন বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ রামকৃষ্ণ শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেল।’
তবে টেস্টের মধ্যে চারজনকে আইসোলেশনে নেওয়া হলেও ঠিক সময়েই শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্টের চতুর্থ দিনের খেলা। দলের বাকি সবারই দুটি ল্যাটারাল ফ্লো টেস্টে নেগেটিভ এসেছে। গতকাল রাতের পর আজ সকালেও আরেকবার টেস্ট করানো হয়েছে সবার। ফলে খেলতে বাধা নেই তাদের।
তবে শাস্ত্রীসহ চারজন হোটেল রুমে পিসিআর টেস্টের অপেক্ষায় আছেন। পিসিআর টেস্টের ফল জানা গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত জুন থেকে ইংল্যান্ড সফর করছে ভারত। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। এরপর ট্রেন্ট ব্রিজ, লর্ডস ও হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের পর এখন ওভালে খেলছে ভারত। পাঁচ টেস্ট সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা আছে। এ সিরিজে মাঠে থেকেই খেলা দেখতে পারছেন দর্শকেরা।
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে করোনার হানা অবশ্য এটিই প্রথম নয়। শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সময় করোনার কারণে আইসোলেশনে যেতে হয়েছিল ৯ জন ভারতীয় ক্রিকেটারকে। করোনার কারণে সিরিজটিও কিছুটা পিছিয়ে গিয়েছিল।