ট্যাক্সি চালান পাকিস্তানের সাবেক ক্রিকেটার আরশাদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬ সালে পেশোয়ারে শচীন টেন্ডুলকারকে ফিরিয়েছিলেন আরশাদ। ছবি: এএফপি
২০০৬ সালে পেশোয়ারে শচীন টেন্ডুলকারকে ফিরিয়েছিলেন আরশাদ। ছবি: এএফপি

অবসরজীবনে সাধারণত কী করে থাকেন একজন ক্রিকেটার? কেউ ধারাভাষ্য, নিজের একাডেমি কিংবা বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা অটুট রাখেন। কেউবা ক্রিকেটকে ছুটি জানিয়ে পুরোদস্তুর ব্যবসায়ী বনে যান। আবার কেউ দুটোর কিছুই করেন না। তাই বলে একজন সাবেক ক্রিকেটার ট্যাক্সি চালাচ্ছেন, এমন দৃশ্য নিশ্চয় আপনার কল্পনাতেও নেই।
সংবাদমাধ্যমের খবর, সিডনির রাস্তায় ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খান। বিষয়টি চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গণেশ বিরলে নামে এক ব্যক্তি ফেসবুকে দাবি করেছেন, সিডনিতে তাঁদের ট্যাক্সি ক্যাবের চালক ছিলেন আরশাদ।
ওই ব্যক্তি লিখেছেন, ‘আমাদের ক্যাবের চালক ছিলেন তিনি (আরশাদ)। আমরা আলাপ করতে শুরু করি। তিনি বলেন, আমি পাকিস্তান থেকে এসেছি, সিডনিতে থাকি। জানান, আইসিএলে লাহোর বাদশাহর হয়ে খেলার সময় বহুবার হায়দরাবাদে গিয়েছেন। তাঁর পুরো নাম জিজ্ঞেস করলাম। এরপর তাঁর মুখ দেখে বেশ ধাক্কাই খেলাম। খানিকটা চিনতে পারলাম। হাতে হাত মিলিয়ে বিদায় নিলাম।’
অবশ্য এ ঘটনার সত্যতা কতটুকু, প্রশ্ন থাকতে পারে। তবে জীবনের তাগিদে ক্রিকেটারের গাড়ির চালক হওয়ার দৃষ্টান্ত নতুন নয়। গত বছর জানা গিয়েছিল, নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস জীবিকা নির্বাহ করছেন ট্রাক চালিয়ে, বাস রাখার গ্যারেজ পরিষ্কার করে!
৯ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা অফস্পিনার আরশাদ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০৬-এর ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। ক্যারিয়ারের পর্দা নেমে আসে মূলত ২০০৮ সালে আইসিএলে খেলার পর। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।