জোনাথন ট্রট এলেন, দেখলেন এবং দ্রুতই ফিরে গেলেন সাজঘরে। দেড় বছরের স্বেচ্ছানির্বাসন শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ইংলিশ ব্যাটসম্যান উপহার পেলেন ‘ডাক’। কাল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইনিংসের সূচনা করতে এসে মাত্র ৩ বলই টিকতে পারলেন ইংলিশ ব্যাটসম্যান। জেরোম টেলরের অফ স্টাম্পের বাইরের বলটাকে তাড়া করে স্লিপে ড্যারেন ব্রাভোর হাতে ক্যাচ দিয়েছেন ৫০তম টেস্ট খেলতে নামা ট্রট।
টস জিতে ফিল্ডিং নেওয়া ওয়েস্ট ইন্ডিয়ানরা প্রথম ১৭ ওভারের মধ্যে ট্রটসহ তুলে নেয় অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সের উইকেট দুটিও। ওই ৩ উইকেট হারিয়েই ৪৯ রান তুলে লাঞ্চে যায় ইংল্যান্ড। চা-বিরতি পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে করেছে ১৬৭ রান। ৬৯ রানে ইয়ান বেল এবং ৬১ রানে জো রুট ব্যাট করছিলেন, অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে তাঁরা করেছেন ১৩৩।
ব্যাট হাতে ক্যাপ্টেন কুকের দুঃসময়টাকে আরেকটু প্রলম্বিত করেছেন কেমার রোচ। ১১ রান করে প্লেড অন হয়েছেন কুক। জেসন হোল্ডারের বলে স্লিপে ব্রাভোর দ্বিতীয় ক্যাচ হওয়ার আগে ব্যালান্স করেছেন ১০ রান। তথ্যসূত্র: টেন ক্রিকেট ও ক্রিকইনফো।