ট্রটের 'ঘাতক' জনসন
২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ব্রিসবেনে প্রথম টেস্টের পর হঠাৎ করেই দেশে ফিরেছিলেন ট্রট। মানসিক অবসাদে আক্রান্ত হয়ে বড় দুঃখের সেই ফেরা। নিজের আত্মজীবনী আনগার্ডেড-এ এবার সেই মানসিক অবসাদে ভোগার কারণটি জানিয়েছেন ট্রট—মিচেল জনসন ও তাঁর বাউন্সারই ভেঙে দিয়েছিল ইংলিশ ব্যাটসম্যানের মনোবল।
অ্যাশেজের কদিন আগেই দেশের মাটিতে ওয়ানডে সিরিজে তাঁকে নাকাল করেছিলেন জনসন। টেস্টে আবার সেই জনসনেরই মুখোমুখি! সেই সময়ে ভয়ংকর অসহায় বোধ করছিলেন ট্রট, ‘ব্রিসবেনে যাওয়ার আগেই মনে হচ্ছিল, আমাকে জোর করে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হচ্ছে। আর জনসন আমার ঘাতক।’
ম্যাচে পুরো অস্ট্রেলিয়া দলও ট্রটের মনোবল ধ্বংস করতে প্রভাব রেখেছিল, ‘ওরা জানত, আমি ফর্মের জন্য লড়ছি। মরতে যাচ্ছে এমন এক জেব্রাকে ঘিরে রাখা হায়েনার দলের মতোই আমাকে ঘিরে ধরল তারা।’
দুই ইনিংসেই শর্ট বলে ট্রটের দুর্বলতা দেখিয়ে দিয়ে তাঁকে আউট করেন জনসন। এরপরই দেশে ফেরেন ট্রট, ‘শর্ট বল খেলতে না পারার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। অফ স্টাম্পের বল খেলতে না পারলে টেকনিক নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু শর্ট বল খেলতে না পারলে আপনার সাহস নিয়ে প্রশ্ন ওঠে। মনে হচ্ছিল, আমার পৌরুষ নিয়েই প্রশ্ন করা হচ্ছে। এটা ছিল কষ্টকর।’
তবু জনসনের প্রতি কোনো ক্ষোভ নেই ট্রটের, ‘একদিন অবশ্যই ওর সঙ্গে হাত মেলাব, বলব “দারুণ বল করেছিলে।”’ ক্রিকেট অস্ট্রেলিয়া।