ট্রফিতে এক হাত আবাহনীর

শিরোপায় এক হাত দিয়ে রাখল আবাহনী। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১১৫ রানে হারিয়ে নিকট প্রতিদ্বন্দ্বী প্রাইম দোলেশ্বরের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে গেছে তামিম ইকবালের দল। দোলেশ্বরের (+০.৫৫৭) চেয়ে রানরেটেও অনেকটা এগিয়ে আবাহনী (+১.০২৮)। এখন অপেক্ষা শুধু গত ১২ জুন স্থগিত হওয়া আবাহনী-দোলেশ্বর ম্যাচের সমাপ্তির। ওই ম্যাচে জিতলে তো বটেই, হেরে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারে আবাহনী।
আজ তামিমের ১৪২ ও মোসাদ্দেক হোসেনের ৭৮ রানে ভর করে ৩১৬ রান করে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ৩৭.২ ওভারেই অলআউট ২০১ রানে। প্রাইম ব্যাংকের হয়ে যা একটু চেষ্টা করেছেন মেহেদী মারুফ ও অধিনায়ক শুভাগত হোম। উদ্বোধনী জুটিতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদকে নিয়ে ১২ ওভারেই ৭২ রান তুলেছিলেন মারুফ। চাঁদের বিদায়ের পর মারুফ রনি তালুকদার অনুজ জনি তালুকদারকে নিয়ে স্কোরটাকে ১১৫ রানে নিয়ে যান।
বিপর্যয় শুরু এরপরই। ২৩তম ওভারে জনিকে বোল্ড করে ধসের সূচনা করেন সাকলাইন সজীব। আবাহনীর বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন আরও ৬টি উইকেট। একবার হ্যাটট্রিকের সুযোগও পেয়েছেন সাকলাইন। ২৭তম ওভারের প্রথম দুই বলে মারুফ ও তাইবুরকে ফিরিয়েছিলেন।
৯.২ ওভারে ৫৮ রানে ৭ উইকেট-লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিংটা আজই করেছেন সাকলাইন। বোলিং বিশ্লেষণটা এবারের লিগেরও সেরা। পেছনে পড়ল মৌসুমের প্রথম দিনেই আবাহনীরই লেগ স্পিনার জুবায়ের হোসেনের নেওয়া ৩৪ রানে ৬ উইকেটের কীর্তি।
প্রাইম ব্যাংকের ওপেনার মারুফ ৮২ বলে ৫ চার ও ৩ ছয়ে করেছেন ৬৯। সাতে নেমে ৩৩ বলে ৫১ রান শুভাগতর। প্রাইম ব্যাংক অধিনায়কের ইনিংসে আছে ৪টি চার ও ৩টি ছয়।"
সকালে ১৩২ বলে ১৪২ রান করে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে উঠে গিয়েছিলেন আবাহনী অধিনায়ক তামিম (৭১৪)। কিন্তু প্রাইম দোলেশ্বরের রকিবুল হাসান (৭১৯) বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করে টপকে যান তামিমকে।