প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মিনোদ ভানুকার বয়স ছিল ২০ বছর ৮ মাস ১৬ দিন। আর এই বয়সেই লম্বা এক ইনিংস খেলার রেকর্ড করে ফেললেন সিংহলিজ স্পোর্টস ক্লাবের ওপেনার। শ্রীলঙ্কার প্রথম শ্রেণির প্রিমিয়ার লিগে বাদুরেলিয়ার বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন ভানুকা। ৩৪২ রানে আউট হওয়া ভানুকাই এখন শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ান। এই উইকেটকিপার ব্যাটসম্যান পেছনে ফেলেছেন কুশল পেরেরাকে। ২০১৩ সালে ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে ৩০০ করেছিলেন কুশল। তবে বিশ্ব রেকর্ড থেকে ভানুকা অনেক দূরেই আছেন। ১৭ বছর ১০ মাস ৭ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াঁদাদ, সবার ওপরে এই পাকিস্তানি কিংবদন্তিই। ১৯৭৫ সালের ১৯ এপ্রিল করাচি হোয়াইটসের হয়ে ন্যাশনাল ব্যাংকের বিপক্ষে ৩১১ রান করেন ‘বড়ে মিয়াঁ’। ১৮ বছর ৮ মাস ২২ দিন বয়সে ট্রিপল সেঞ্চুরি করে দুইয়ে ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর।