ট্রেনে কাটা পড়তে গিয়ে বেঁচে গিয়েছিলেন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন দুর্ঘটনা নিয়ে মুম্বাই রেল পুলিশের অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার। ছবি: এনডিটিভি
ট্রেন দুর্ঘটনা নিয়ে মুম্বাই রেল পুলিশের অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার। ছবি: এনডিটিভি

ছোটবেলায় একবার মুম্বাইয়ের কমিউটার ট্রেনে কাটা পড়তে গিয়েও বেঁচে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা তাঁর মুখ থেকেই জানা গেল মুম্বাই রেলওয়ে পুলিশের এক সচেতনতামূলক অনুষ্ঠানে।
পৃথিবীর ব্যস্ততম কমিউটার রেল ব্যবস্থার শহর মুম্বাই। প্রতিদিন লাখ-লাখ মানুষ ভারতের এই বন্দরনগরীতে যাতায়াতের জন্য কমিউটার ট্রেনের ওপর নির্ভরশীল। কিন্তু অসচেতনতা, কয়েক গুণ বাড়তি যাত্রীর চাপে হুড়োহুড়ি আর ঝুলোঝুলি করে ঝুঁকি নিয়ে যাত্রার কারণে প্রতি বছর মুম্বাইয়ের রেল লাইনে মানুষের মৃত্যুহারও কম নয়। এক হিসাবে দেখা গেছে, মুম্বাইয়ের কমিউটার ট্রেন থেকে পড়ে গিয়ে প্রতি বছর গড়ে সাত শ মানুষের মৃত্যু হয়। বিপজ্জনকভাবে রেললাইন অতিক্রম করে এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় প্রায় ১৬০০ মানুষ।
মৃত্যুর এই ভয়াবহ চিত্র থেকেই সম্প্রতি মুম্বাই রেল পুলিশ বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এমনই একটি কার্যক্রম উদ্বোধন করতে গতকাল মুম্বাই পুলিশের প্রধান দপ্তরে হাজির ছিলেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি।
অনুষ্ঠানে মুম্বাই কমিউটার ট্রেনে কাটা পড়ে প্রতি বছর অসংখ্য মানুষের মৃত্যুর ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে অভিহিত করেছেন টেন্ডুলকার। সময় বাঁচাতে রেল লাইন পেরিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্যটাতে যাওয়ার বিপজ্জনক ব্যাপারটির প্রসঙ্গেই স্মৃতিচারণ করলেন টেন্ডুলকার, ‘আমি ১১ বছর বয়স থেকেই মুম্বাইয়ের কমিউটার ট্রেন ব্যবহার করতাম। ক্রিকেটের কিটব্যাগ নিয়ে এক ট্রেন থেকে অন্য ট্রেনে ধাক্কাধাক্কি করে ওঠার স্মৃতি আজও আমি বয়ে নিয়ে বেড়াই। স্কুলে পড়ার সময় একবার সময় বাঁচাতে রেল লাইন অতিক্রম করে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ার উপক্রম হয়েছিল আমাদের।’

বেশ রোমহর্ষক অভিজ্ঞতা ছিল সেটি টেন্ডুলকারের জন্য, ‘সেদিন আমরা পাঁচ-ছয়জন ভিলা পার্লে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে সকালে অনুশীলন করে সেই বন্ধুর বাড়িতে দুপুরের খাবার খেয়ে একটা সিনেমা দেখি। সিনেমা দেখতে দেখতে বিকেলের অনুশীলনে দেরি হয়ে গিয়েছিল। আমাদের যেতে হবে দাদার নামের একটা জায়গায়। তাড়াহুড়ো করে ট্রেন ধরার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম রেল লাইন অতিক্রম করে দ্রুত অন্য প্ল্যাটফর্মে যাওয়ার। তখনই মুখোমুখি হলাম সেই বিপজ্জনক ঘটনার। রেল লাইনের মাঝামাঝি জায়গায় আসতেই দেখি বিভিন্ন লাইন দিয়ে বেশ কয়েকটা ট্রেন ছুটে আসছে। ওই মুহূর্তের কথা ভাবলে আজও গা শিউরে ওঠে আমার। কোনোমতে দুই রেল লাইনের মাঝামাঝি ফাঁকা জায়গায় হাঁটু গুজে উবু হয়ে নিজেদের বাঁচিয়েছিলাম আমরা।’
টেন্ডুলকার সবাইকে মনে করিয়ে দিয়েছেন সেই পুরোনো আপ্তবাক্য—সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, ‘আমি জানি বর্তমান দুনিয়াতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদের কারওরই সেই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার অবকাশ নেই। কিন্তু নিয়ম ভেঙে রেল লাইনের মাঝখান দিয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে একজন ব্যক্তি খুব বেশি হলে পাঁচ মিনিট বাঁচাতে পারবেন। কিন্তু এতে করে তাঁকে নিতে হবে জীবনহানির ঝুঁকি।’
টেন্ডুলকার বলেন, আমাদের সকলের প্রিয়জনেরাই বাড়িতে অপেক্ষা করে আছে। তাদের কাছে পাঁচ মিনিট আগে পৌঁছাচ্ছি, না পরে, সেটা বড় কথা নয়, সুস্থ দেহে তাদের কাছে পৌঁছানোটাই আসল। আমাদের সকলকে মাথায় রাখতে হবে এটিই।
সবচেয়ে বড় কথা, ভেবে দেখুন তো, শৈশবে সেই দুর্ঘটনায় যদি বড় ধরনের ক্ষতি হয়ে যেত টেন্ডুলকারের? কে জানে, এমন কত প্রতিভাই প্রতিদিন যাত্রা পথে অকালে ঝরে যাচ্ছে! সূত্র: এনডিটিভি।