করোনা উপসর্গে ফিল্ডিংয়ে নামেননি তামিম
বেক্সিমকো ঢাকার ইনিংসের শুরুতেই বিষয়টি চোখে পড়ে। প্রথম ওভারের আগে ফরচুন বরিশালের ওপেনিং বোলার তাসকিন আহমেদের সঙ্গে কথা বলছিলেন মেহেদী হাসান মিরাজ।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে খুঁজে পাওয়া গেল না মাঠের কোথাও। বরিশালের অধিনায়কত্ব করছেন মিরাজই।
বরিশাল টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রথমে জানা গিয়েছিল তামিমের মাঠে না থাকার এক অদ্ভুত কারণ। দলের একটি সূত্র প্রথম আলোকে বলেছে, মাঠে প্রচুর কুয়াশা পড়ছে। এর মধ্যে মাঠে নেমে নাকি তিনি ঠান্ডা লাগাতে চাইছেন না। তবে তাঁর কোনো অসুস্থতা নেই। পরে অবশ্য জানা গেছে, তামিমের মধ্যে করোনার উপসর্গ থাকাতে টিম ম্যানজেমন্টই তাঁকে হোটেলে পাঠিয়ে দেয়। কাল সকালে তাঁর করোনা পরীক্ষা হওয়ার কথা।
ম্যাচ শেষে তামিম তাঁর ফিল্ডিংয়ে না নামার কারণ ব্যাখ্যা করেছেন, ‘কাল থেকেই শরীর খারাপ লাগছিল। আজ সকালে একটু ভালো মনে হয়েছে। ব্যাটিং করে আসার পর থেকে শরীর বেশি দুর্বল লাগছিল। তখন বিসিবির মেডিকেল ইউনিট এসে দেখে গেছে। তাদের মনে হয়েছে, আমার ড্রেসিংরুমে থাকা ঠিক হবে না। আমাকে হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে। কাল সকালে কিছু পরীক্ষা হবে। সব পরীক্ষার ফল ঠিক থাকলে আশা করি প্লে-অফ খেলতে পারব।’
ম্যাচটি তামিমদের জন্য বাঁচা–মরার। শেষ চারে যেতে হলে জিততেই হতো তাঁদের। এমন ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৩ রান করেছে বরিশাল।
আগে ব্যাট করা বরিশাল তিন তরুণ ব্যাটসম্যানের ফিফটিতে ১৯৩ রান করে। তামিম ১৯ রানে আউট হন। ১৩ রানে আউট হন দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করা পারভেজ হোসেন।
এরপর ওপেনার সাইফ হাসান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয় মিলে রান নিয়ে যান প্রায় দুইশ রানে।
বরিশালের ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ১৯১ রান করেছে। ২ রানের জয়ে প্লে-অফে চলে গেছে বরিশাল।