ঠেকানোর আর দেখেছেন কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই বলের বল ঠেকিয়ে গেছেন আমলা। ছবি: এএফপি
এভাবেই বলের বল ঠেকিয়ে গেছেন আমলা। ছবি: এএফপি

৭২ ওভারে ৭২ রান! ঠুকঠুক, ঠুকঠুক। ঠেকিয়েই চলেছেন হাশিম আমলা। প্রাণপণে বলের পর বল ঠেকাচ্ছেন এ সময়ের বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। আধুনিক কালের দর্শকদের কাছে খুব একটা নিয়মিত বা পরিচিত দৃশ্য নয় এটি। টেস্ট বাঁচানোর জন্য প্রতি বলে অখণ্ড মনোযোগ ধরে রেখে একের পর এক ওভার পাড়ি দেওয়ার মধ্যে কেউ রোমাঞ্চ খুঁজে পেতে পারেন, কেউ বলতে পারেন, এটা কোনো কাজ হলো। এভাবে কেউ ঠেকায়? ক্রিকেটেরই পরিসংখ্যান কেলো হাসি হেসে দ্বিতীয় মতের মানুষদের বলতে পারে, ঠেকানোর আর দেখেছেনটা কী!
গতকাল পর্যন্ত অধিনায়ক আমলা ২০৭ বলে ২৩ রান করে নেতৃত্ব দিয়েছেন এমন প্রতিরোধের। কমপক্ষে ২০০ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের ‘গৌরব’ এখন এই ইনিংসের। মোট ১৯৫টি বলে কোনো রানই নেননি আমলা। তারপরও কিন্তু ঠেকানোর তালিকার ঠিক শীর্ষস্থানে পাঠানো যাচ্ছে না এই ইনিংসকে!
আজ থেকে ৫৭ বছর আগে ট্রেভর বেইলি দেখিয়ে দিয়েছিলেন, টেস্ট খেলা কী জিনিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসেই ১১৬ বলে ২৭ রান করেছিলেন বেইলি। দ্বিতীয় ইনিংসেই নিজের ‘সেরা রূপ’ দেখালেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৪২৭ বল খেলে রান করেছিলেন ৬৮, স্ট্রাইক রেট ১৫.৯২! এর মধ্যে ৪টি চারও মেরেছিলেন। তবে তাঁর এমন ইনিংসও দলকে বাঁচাতে পারেনি। ৮ উইকেটে হেরেছিল ইংল্যান্ড।
এর পরেও আছেন আরেক ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে ১৯৭৮ সালে ৩৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। তবে দুই ওপেনার জিওফ বয়কট ও মাইক ব্রিয়ারলি মিলে যা করলেন, তাতে দুই দলেরই জয়ের আশা উবে গেল। বয়কট সেঞ্চুরি পেতে খেললেন ৩০৩ বল। তবে ব্রিয়ারলি ছিলেন আরও এক কাঠি এগিয়ে। ৩৪৪ বল খেলে মাত্র ৭৪ রান করেছিলেন এই ওপেনার।
তৃতীয় স্থানে আছেন সাকলায়েন মুশতাক! ১৯৯৬ সালে ২৩৭ রানেই পাকিস্তানের ৭ উইকেট ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপরই রাজ্যের হতাশার মুখোমুখি হয় সফরকারী দলটি। একদিকে বোলারদের কচুকাটা করলেন ওয়াসিম আকরাম, ১২ ছক্কায় ২৫৭ রানের ইনিংস খেলে। আর উল্টো দিকে সাকলায়েন ৩৫৯ বল খেলে করলেন ৭৯ রান।
কমপক্ষে ৩০০ বল খেলেও ৮০ রানও করেননি, এমন ইনিংসের তালিকায় আছেন অ্যালান বোর্ডারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮৯ সালের সিডনি টেস্টে ৭৫ রান নিতে ৩৩০ বল খেলেছিলেন।
বল ঠেকানোর কথা হবে আর সেখানে বয়কট থাকবেন না এটা তো হয় না। ওয়ানডে ক্রিকেটে যে ব্যাটসম্যানকে আউট করার সুযোগ পেয়েও ‘ইচ্ছে’ করে ক্যাচ মিস করতেন ফিল্ডাররা, সেই বয়কট নিজের ঠেকানোর ‘অধিকার’ নিয়ে আছেন পঞ্চম স্থানে। ১৯৭৮ সালের পার্থ টেস্টে ৩৩৭ বলে ৭৭ রান করেছিলেন বয়কট। পুরো ইনিংসে ১টি চার!

বলের পর বল ক্লান্তিহীনভাবে ঠেকানোও যে একটা বিরাট যোগ্যতা, সেটিও যে দলের কাজে আসে, মারকাটারি ক্রিকেটের এই যুগে দিল্লি টেস্ট সেটি যেন নতুন করে মনে করিয়ে দিল। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারেন বাংলাদেশের জাভেদ ওমরও। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে ২৫৮ বলে ৪৩ রান করেছিলেন। যেটি ম্যাচটি ড্র করাতে ভূমিকা রেখেছিল। আর যে ড্র বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সিরিজ জয়ও নিশ্চিত করেছে।
অবশ্য জাভেদের আরও একটি ইনিংস আছে ৩২২ বলের, করেছিলেন ৮০ রান। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে টেস্টে কমপক্ষে ৩০০ বল খেলার ইনিংসই আছে মাত্র সাতটি। কমপক্ষে ৪০০ বল খেলার একমাত্র ইনিংসটি মোহাম্মদ আশরাফুলের।
টেস্টে ৪০০ বল খেলেও সেঞ্চুরি না-করার একটিই নজির আছে। কার? উত্তর পেতে লেখার শুরুর দিকে ফিরে যেতে হবে। ১৯৫৮ সালে ব্রিসবেনে খেলা সেই ‘মহান’ ইনিংসটি ট্রেভর বেইলিরই।