ডনের ব্লেজার
পোশাকে মানুষের পরিচয়—কথাটা বিশ্বাস করেন? তাহলে আপনার সামনেও সুযোগ অন্তত ‘পোশাকি’ ব্র্যাডম্যান হওয়ার! সুযোগটি করে দিচ্ছে অস্ট্রেলিয়ার মসগ্রিন নিলামঘর, আগামী সেপ্টেম্বরে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের একটি ব্লেজার নিলামে তুলছে তারা। ১৯৩৬ সালে অধিনায়ক হওয়ার পর প্রথম টেস্ট সিরিজে এই ব্লেজারটি পরেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি, যেটি সে সময় ছাড়িয়ে গিয়েছিল এর ক্রিকেটীয় পরিচয়। সবুজ উলের এই ব্লেজারটি সিডনির বিখ্যাত ফার্মার্স ডিপার্টমেন্টাল স্টোর বিশেষভাবে ব্র্যাডম্যানের জন্যই তৈরি করেছিল। পকেটে খোদাই করা অস্ট্রেলীয় ‘কোট-অব-আর্মস’ ফলক আর ১৯৩৬-৩৭ লেখা। আর ফার্মার্সের লোগোর ওপর লেখা ‘ডি. জি. ব্র্যাডম্যান’। ব্লেজারটি ব্র্যাডম্যান নিজে একটি চ্যারিটি নিলামে দান করেছিলেন ১৯৭৪ সালে। এরপর থেকে আর সাধারণ্যে দেখা যায়নি এটি। এবার অবশ্য কোনো চ্যারিটি নয়, সাধারণ নিলামেই এটিকে তুলছে মসগ্রিন। ইয়াহু নিউজ।