
কলম্বোর পি সারা ওভালে দুই দলের সর্বশেষ টেস্টের স্মৃতি সুখের একটা আবেশেই জড়িয়ে রাখে ভারতকে। পাঁচ বছর আগের সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিল তারা। অবশ্য সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর ভারতের ঘুরে দাঁড়ানোর ইতিহাসটা শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে আবার দেবে তৃপ্তি। ০-১-এ পিছিয়ে যে মাত্র দুবারই সিরিজ জিততে পেরেছে ভারত। অবশ্য দ্বিপাক্ষিক সিরিজের এসব প্রাপ্তি-অপ্রাপ্তি নয়, এই টেস্টের মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছেন কুমার সাঙ্গাকারা। তাঁর ক্যারিয়ারের সমাপ্তিসূচক এই টেস্ট বিষাদের যে সুর তুলছে তা ভারত মহাসাগর ছাপিয়ে ছড়িয়ে পড়ছে পুরো ক্রিকেট-বিশ্বে।
শুরুটা ছিল নড়বড়ে। ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক সিরিজে তিন টেস্টে মাত্র ৮৩ রান করেছিলেন কুমার সাঙ্গাকারা। কিন্তু পায়ের নিচের ভিত্তিটা খুঁজে পেতে খুব সময় নেননি তিনি। বয়সের সঙ্গে সঙ্গে এমনই পরিণত হয়েছেন যে ‘কেন যাচ্ছেন’ রবটা জোরেশোরেই উঠেছে। এশিয়ায় একমাত্র পি সারা ওভালেই ব্যাট হাতে নেমেছিলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। কাকতালীয় হলেও সেখান থেকেই বিদায় নিচ্ছেন শ্রীলঙ্কান এক কিংবদন্তি। শেষ টেস্টে একটা সেঞ্চুরি পেলেই ৩৪তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি নিয়ে ক্যারিয়ার শেষ হবে সাঙ্গাকারার। সর্বশেষ যে কীর্তিটি গড়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। আর সেঞ্চুরিটি যদি ‘ডাবল’ হয়ে যায় তাহলে তো কথাই নেই! সাঙ্গাকারা ভাগ বসাবেন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ডেই।
সাঙ্গাকারার বিদায়ী টেস্টটা নিজেদের করে নিতে সর্বোচ্চ চেষ্টাই করবে ভারত। গল টেস্টে রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কৌশলের ঘূর্ণি মুখের গ্রাস কেড়ে নিয়েছিল তাদের। এবার তাই অনেক সতর্ক ভারত, তবে ওপেনার মুরালি বিজয় ফিরলেও চোট কেড়ে নিয়েছে আরেক ওপেনার শিখর ধাওয়ানকে। গল টেস্টের এক সেশনেই তাসের ঘরের মতো ধসে পড়া ভারতকে চিন্তা করতে হচ্ছে বোলিং নিয়েও। বরুণ অ্যারন-হরভজন সিংরা যে এক দিনেশ চান্ডিমালের পাল্টা-আক্রমণের কাছেই নাকাল হয়েছেন। অধিনায়ক বিরাট কোহলি তবু পাঁচ বোলার নিয়েই নামতে চান। দলে আসার সম্ভাবনা রয়েছে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির।
গল টেস্ট নাটকীয়ভাবে জিতলেও শ্রীলঙ্কার একটু দুশ্চিন্তা আছে ব্যাটিং নিয়ে। রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্রের স্পিন যে ভালোই ভুগিয়েছিল তাদের। অবশ্য শ্রীলঙ্কার জন্য এই টেস্টে সবচেয়ে বড় প্রেরণা স্বয়ং সাঙ্গাকারা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তো বলেই দিয়েছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে সাঙ্গাকারার যে অবদান তাতে শুধু ধন্যবাদ দিলেই হয় না, জিতেই তাঁকে বিদায় জানাতে চাই আমরা।’ চান্ডিমালের ভয়ডরহীন ব্যাটিং ও রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিং আত্মবিশ্বাসের রসদও জোগাবে। পি সারা ওভালের রেকর্ডও সাঙ্গাকারার দলের পক্ষে। এখানে খেলা সর্বশেষ ৯ টেস্টের ৬টিতেই বিজয়ী দলের নাম শ্রীলঙ্কা।
অধিনায়কত্ব পাওয়ার পর এখনো জয়ের দেখা পাননি বিরাট কোহলি। গলের আগে অ্যাডিলেডে জয়ের সুবাস পেতে পেতে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে তারা। সেই অধরা জয়ের খোঁজেই নামবেন কোহলি। অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস চাইবেন সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে। তবে সবকিছু ছাপিয়ে এই টেস্ট এক ব্যাটিং তারকার বিদায়ের মঞ্চ হিসেবেই আবির্ভূত। যাঁর বিদায়ে নিশ্চিতভাবেই খানিকটা ম্রিয়মাণ হবে ক্রিকেটের তারাজ্বলা আকাশ। ক্রিকইনফো, পিটিআই।