ডব্লুডব্লুইর চ্যাম্পিয়ন বেল্ট পেলেন রোহিত

জীবনে অনেক পুরস্কারই পেয়েছেন। তবে এমন কিছু পাওয়ার কথা নিশ্চয়ই ভাবেননি রোহিত শর্মা। ক্রিকেট খেলে রেসলিংয়ের পুরস্কার পাওয়ার কথা ভাবনায় আসার কথাও নয়। কিন্তু সে সৌভাগ্যই হলো রোহিতের, মুম্বাই ইন্ডিয়ানসকে আইপিএল চ্যাম্পিয়ন করায় ডব্লুডব্লুইর চ্যাম্পিয়ন বেল্ট পেয়েছেন ভারতীয় ওপেনার।
সাবেক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লুডব্লুই) প্রধান নির্বাহী ট্রিপল এইচ টুইটারে একটি রহস্যের জন্ম দিয়েছিলেন গত ২২ মে। আইপিএল জেতায় মুম্বাইকে অভিনন্দন জানিয়ে ট্রিপল এইচ বলেছিলেন, ‘কিছু একটা আসছে তাঁদের দিকে।’ সেই ‘কিছু একটা’ কী, তা জানা গেল গতকাল। একটি রেসলিং চ্যাম্পিয়ন বেল্ট। তবে বেল্টে মুম্বাই ইন্ডিয়ানসের লোগো বুঝিয়ে দিল, বিশেষ কোনো উপলক্ষেই এটা বানানো হয়েছে। আর সেদিনই কিনা ভারতীয় বংশোদ্ভূত রেসলার জিন্ডার মাহাল ডব্লুডব্লুইর চ্যাম্পিয়ন হয়েছেন!
এমন দারুণ উপহার পেয়ে উচ্ছ্বসিত ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক। ১৪ বারের রেসলিং চ্যাম্পিয়ন ট্রিপল এইচকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘অবিশ্বাস্য! চ্যাম্পিয়নের কাছ থেকে চ্যাম্পিয়ন বেল্ট পেলাম। এ নিয়ে কত মজার স্মৃতি আছে। ধন্যবাদ ট্রিপল এইচ ও ডব্লুডব্লুই।’ সূত্র: এনডিটিভি।