ডমিঙ্গোদের ইংরেজি বোঝেন কী করে, নাঈমের পাল্টা যুক্তি

বঙ্গবন্ধু বিপিএলে খুব একটা ভালো করতে পারেনি সিলেট। দলের ব্যর্থতার ব্যাখ্যা করতে গিয়ে কোচ হার্শেল গিবস বলছেন, তাঁর ভাষা বুঝতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটাররা। নাঈম বলছেন অন্য কথা
টুর্নামেন্টে সিলেট থান্ডার কেন ভালো করতে পারছে না—এ ব্যাখ্যায় দলটির কোচ হার্শেল গিবস দলের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ভাষাগত দূরত্বের কথা সামনে এনেছেন। গিবসের দলেই খেলা বাংলাদেশ দলের অফ স্পিনার নাঈম হাসান অবশ্য একমত নন প্রোটিয়া কোচের সঙ্গে।
নাঈম মনে করেন না ভাষাগত দূরত্বের কারণেই টুর্নামেন্টে সিলেটের ভরাডুবি। ১৯ বছর বয়সী অফ স্পিনারের বরং পাল্টা যুক্তি, ‘জাতীয় দলে কোচ আছে, তারাও ইংরেজিতে কথা বলে। এখন বাকিটা বুঝে নেন।’ বাংলাদেশে কোচিং করানো প্রথম দক্ষিণ আফ্রিকান হার্শেল গিবস নন। জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি দুই বছর ধরে কাজ করছেন বাংলাদেশ। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কাজ করছেন গত সেপ্টেম্বর থেকে। ফিল্ডিং কোচ রায়ান কুকও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে। সদ্য বিদায়ী বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টও ছিলেন দক্ষিণ আফ্রিকান। এই কোচদের ভাষা যদি বাংলাদেশের ক্রিকেটাররা না-ই বোঝেন, তাঁরা কাজ করছেন কীভাবে!
এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন গিবসও, ‘ঠিক নিশ্চিত নই, নিল ম্যাকেঞ্জি (বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ) যখন কথা বলে, ওরা কতজন ঠিকভাবে বুঝতে পারে। আমি তো তার মতোই দক্ষিণ আফ্রিকান, আমি ঠিক জানি না, সে যা বলতে চায়, তার সবটুকু ওদের কাছে বুঝিয়ে দিতে পারে কি না।’
ভাষাগত দূরত্ব যদি না থাকে তবে সিলেট কেন ধারাবাহিক ব্যর্থ হয়েছে টুর্নামেন্টে? সব দায় নাঈম নিজেদের কাঁধেই নিচ্ছেন, ‘মাঠে আমরা খেলছি, আমাদেরই দোষ।’ তবে তাঁর দাবি দলের সবাই শতভাগই দিচ্ছেন, ‘সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করে। কখনো সফল হয়, কখনো হয় না।’ তবে নাঈম মানছেন সবাই ঠিকঠাক খেলতে পারলে টুর্নামেন্টে সিলেটের অবস্থা এত খারাপ হতো না!