ডমিঙ্গোর দলে কোনো ‘সিনিয়র–জুনিয়র’ নেই

দলে সিনিয়র–জুনিয়র ভেদাভেদ রাখতে চান না ডমিঙ্গোফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে দলে কত আগে এসেছেন, আর কে কত পরে; এটা কোনো বিষয়ই নয় রাসেল ডমিঙ্গোর কাছে। বাংলাদেশ দলের কোচের কাছে কোনো সিনিয়র-জুনিয়র নেই। তাঁর দলে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা আছেন ঠিকই, কিন্তু তাঁরা আলাদা কিছু নন। দলের নতুন আসা একজন ক্রিকেটার বাংলাদেশ দলের প্রধান কোচের কাছে যেমন, সাকিব, মুশফিক-তামিমরাও ঠিক তেমনই। দলের মধ্যে ‘সিনিয়র-জুনিয়র’ ভাগাভাগিই বাংলাদেশ কোচের কাছে অপ্রয়োজনীয় মনে হয়।

শুক্রবার সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ দলে সিনিয়র-জুনিয়র ভাগাভাগির বিষয়টি উড়িয়ে দিলেন, ‘আমার কাছে কোনো সিনিয়র-জুনিয়র নেই। দলের ১১ জন খেলোয়াড়ই সমান। অনেকেই দলের মধ্যে সিনিয়র-জুনিয়র ভাগাভাগি করেন। আমার মতে, এটা পুরোপুরি অপ্রয়োজনীয় একটা ব্যাপার।’

সাকিবকে পেয়ে খুশি ডমিঙ্গো
ছবি: শামসুল হক

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। ২০০২ সাল থেকে এখনো পর্যন্ত তিনবার (২০০২, ২০০৮ ও ২০১৭) দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও মনে রাখা বা গর্ব করার মতো প্রায় কিছুই নেই বাংলাদেশ ক্রিকেট দলের ঝুলিতে। এমনকি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে দুঃসহ স্মৃতিও এই দক্ষিণ আফ্রিকাতেই। সেখানে ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে হারতে হয়েছিল কানাডা, কেনিয়ার মতো দলের কাছেও।

এবার অবশ্য বাংলাদেশ একটা স্বস্তি নিয়েই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে খেলতে নামবে। কঠিন এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ কোচ ডমিঙ্গোকে স্বস্তি দিচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে দলীয় ভারসাম্যই। ডমিঙ্গোর কথা, ‘আমি আমার ওয়ানডে দল নিয়ে খুশি। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। ব্যাটিংয়ে ভালো গভীরতা আছে। টপ অর্ডারে আছে অভিজ্ঞ ক্রিকেটার। কয়েকজন ভালো ফাস্ট বোলারের সন্ধানও আমরা পেয়েছি। ৫০ ওভারের ক্রিকেটে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল। এটিই সিরিজ শুরুর আগে আমাদের আত্মবিশ্বাসী করে তুলছে।’

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পাবে এক দক্ষিণ আফ্রিকানের ছোঁয়া
ছবি: প্রথম আলো

এমনিতেই ক্যাচ মিসের বাতিক আছে বাংলাদেশের খেলোয়াড়দের। দক্ষিণ আফ্রিকায় ফিল্ডিং কি বাড়তি দুশ্চিন্তা দলের জন্য? ডমিঙ্গোর উত্তর, ‘অন্য বিদেশ সফরের মতো এই সফরেও কাজটা কঠিন হওয়ার কথা নয়। নিউজিল্যান্ড বলুন আর যে দেশই বলুন ক্রিকেট বল দিয়েই খেলা হবে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় উচ্চতার একটা ব্যাপার আছে। বলও একটু দ্রুত আসবে। তবে আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় ক্যাচিং আর বাংলাদেশে ক্যাচিংয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য আছে।’

অনেক নাটকের পর সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন। মাঝে তিনি ছুটি চাওয়ায় পরিকল্পনা একটু এলোমেলোই হয়ে পড়েছিল। বিসিবি তাঁকে বিশ্রাম দেওয়ার পর অবশ্য সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন। এখন তিনি দলের সঙ্গে সেখানেই আছেন। সাকিবকে পাওয়াটা স্বস্তি হয়ে এসেছে ডমিঙ্গোর জন্য, ‘সাকিব আসলে দলে দারুণ একটা ভারসাম্য। সে দলে না থাকাটা সব সময়ই ঝামেলার। সাকিব না থাকলে একজন অতিরিক্ত বোলার খেলানো হবে, না ব্যাটসম্যান, সেটি নিয়ে সমস্যায় পড়তে হয়। তার মানের একজন ক্রিকেটার দলে থাকাটা দারুণ ব্যাপার। সে অভিজ্ঞ ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকায় আগে খেলেছে সে। সাকিব একজন বিশ্বমানের ক্রিকেটার।’

দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিতে চাওয়ার কারণ হিসেবে সাকিব বলেছিলেন মানসিক ক্লান্তির কথা। পরে আবার দক্ষিণ আফ্রিকা যেতে চাওয়ার কারণ বলতে গিয়ে সাকিব সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো করার কথা বলেছেন। এখন তিনি সেখানে কেমন আছেন? ডমিঙ্গো বলেন, ‘আমি খুবই আনন্দিত যে সে শেষ পর্যন্ত এই সফরে এসেছে। সে এখানে খুব ভালো আছে।’