ডাউনটনকে সরিয়ে সংস্কার শুরু
গত অ্যাশেজে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) যোগ দিয়েছিলেন। কিন্তু আরেকটি অ্যাশেজ শুরুর আগেই ইসিবি থেকে সরে যেতে হলো পল ডাউনটনকে।
তিনি পদ ছেড়ে যাচ্ছেন—গত পরশু ইসিবি এ ঘোষণা দেওয়ার পরই ১৫ মাসের চাকরিটা শেষ হয়ে যায় ডাউনটনের। ইংল্যান্ডের সাবেক এই উইকেটকিপার এসেই বিতর্কিতভাবে কেভিন পিটারসেনকে দল থেকে বাদ এবং অ্যালিস্টার কুকের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখেন। কোনোটিই ইংল্যান্ড দলের জন্য ইতিবাচক হয়নি। ২০১৫ বিশ্বকাপ ইংল্যান্ডের জন্য গেছে বিস্মরণযোগ্য। বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হেরে প্রথম পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। কোনো টেস্ট খেলুড়ে দেশকেই হারাতে পারেনি এউইন মরগানের দল। জয় শুধু স্কটল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। ডাউনটন যাঁকে ‘তাঁর প্রজন্মের সেরা কোচ’ ভাবতেন, সেই পিটার মুরসকে দ্বিতীয় দফায় কোচের দায়িত্বে ফিরিয়েও বিশ্বকাপে এমন বিপর্যয়! বোঝাই যাচ্ছিল, ইংল্যান্ডের ক্রিকেটে ঘটতে যাচ্ছে অনেক রদবদল। ডাউনটনকে ছেঁটে ফেলেই শুরু হলো সেই কাজ। নিজের আকাঙ্ক্ষামতো পিটারসেনের ইংল্যান্ড দলে ফেরার পথও কি হলো সুগম?
ডাউনটনের বিদায়ের পর পরই ব্যবস্থাপনা পরিচালক পদটিও বিলুপ্ত করেছে ইসিবি। নতুন সৃষ্ট পদের নাম পরিচালক, ইংল্যান্ড ক্রিকেট। আর এই পদে আসতে প্রায় তাৎক্ষণিকভাবেই আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক—মাইকেল ভন ও অ্যালেক স্টুয়ার্ট। এএফপি, রয়টার্স।