ডাকওয়ার্থ-লুইসে অসন্তুষ্ট ডমিঙ্গো
হতাশ এবং অসন্তুষ্ট রাসেল ডমিঙ্গো। তাঁর অসন্তোষ ‘ত্রুটিপূর্ণ’ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি নিয়ে। দক্ষিণ আফ্রিকা দলের কোচ বর্তমান বিঘ্নিত ম্যাচের আইনকে ওভাবেই ব্যাখ্যা করেছেন। প্রশ্ন তুলেছেন এর বৈধতা নিয়েও।
অকল্যান্ডের বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ৩৮ ওভার শেষে ৫ উইকেটে ২১৬ রান ছিল দক্ষিণ আফ্রিকার। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় এরপরই। খেলা আবার শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে এবং দক্ষিণ আফ্রিকা ওই ৫ উইকেটেই শেষ পর্যন্ত করে ২৮১। কিন্তু ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের। কিউইরা এক বল বাকি থাকতেই সেটি ছুঁয়ে ফেলে।
ডমিঙ্গো মনে করেন, দক্ষিণ আফ্রিকার স্কোরের সঙ্গে মাত্র ১৬ রান যোগ করাটা কম হয়ে গেছে। নিউজিল্যান্ডের লক্ষ্যটা আরও বড় হওয়াই উচিত ছিল, ‘ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি সব সময় আগে ব্যাট করা দলকেই সুবিধা দিয়ে আসছে। কিন্তু আমরা খুবই বিস্মিত এবং হতাশ কারণ, আমাদের মোট রানের সঙ্গে মাত্র ১৬ রান যোগ করা হয়েছে।’
পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের উদাহরণ টেনে ডমিঙ্গো বলেছেন, ‘ইনিংসের কয়েক ওভার বাকি থাকতে অলআউট হওয়ার পরও পাকিস্তানের স্কোরের সঙ্গে ১০ রান যোগ হয়েছিল। তাদের চেয়ে আমরা মাত্র ৬ রান বেশি কীভাবে পাই, বুঝতে পারছি না।’ স্পোর্টস টোয়েন্টি ফোর।