ডানেডিনে লড়ছে লঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় উইকেটে চান্ডিমাল-করুনারত্নের ১২২ রানের জুটিই শ্রীলঙ্কার প্রতিরোধ-লড়াইয়ের ভিত গড়ে দিয়েছে। কাল ডানেডিনে l এএফপি
তৃতীয় উইকেটে চান্ডিমাল-করুনারত্নের ১২২ রানের জুটিই শ্রীলঙ্কার প্রতিরোধ-লড়াইয়ের ভিত গড়ে দিয়েছে। কাল ডানেডিনে l এএফপি

শ্রীলঙ্কা লড়ছে। রানের জন্য। ম্যাচে ফেরার জন্যও।
ডানেডিন টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ড তুলেছিল ৪০৯ রান। ওভারপ্রতি ৪.৫৪ গড়ে রান তুলেছিল স্বাগতিকেরা। সেখানে শ্রীলঙ্কা কাল দ্বিতীয় দিনে ৮১ ওভারে করল ১৯৭ রান। ওভারপ্রতি গড় রান ২.৪৩!
এই ‘লড়াই’য়ে শ্রীলঙ্কা কত দূর যায় তার ওপরই নির্ভর করবে ম্যাচের গতিপ্রকৃতি। তবে দ্বিতীয় দিন শেষে আপাতত বলাই যায়—চালকের আসনে স্বাগতিকেরাই। অলআউট হওয়ার আগে প্রথম দিনের সংগ্রহে আরও ২২ রান যোগে ৪৩১ করেছে নিউজিল্যান্ড।
রান ও ম্যাচে ফেরার প্রত্যয়ী লড়াইয়ে শ্রীলঙ্কাকে পথ দেখাচ্ছেন দিনেশ চান্ডিমাল। ২০৮ বল খেলে ৮৩ রানে অপরাজিত লঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে বড় অবদান দিমুথ করুনারত্নের—৮৪। দলের দুই শ ছুঁই-ছুঁই রানের ১২২-ই এসেছে তৃতীয় উইকেটে করুনারত্নে-চান্ডিমাল জুটিতে। দুজনে খেলেছেন ৪৮.৫ ওভার, যা নিউজিল্যান্ডের মাটিতে কোনো শ্রীলঙ্কান জুটির সবচেয়ে বেশি ওভার খেলার রেকর্ড!
২৯ রানেই কুশল মেন্ডিস ও জয়াসুন্দরাকে হারিয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। এর পরই করুনারত্নে-চান্ডিমালের প্রতিরোধ। অবশ্য ক্যারিয়ারের ৭৫ পেরোনো ষষ্ঠ ইনিংসটির জন্য নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন করুনারত্নে। ইনিংসের প্রথম ওভারেই বোল্টের বাউন্সার ছেড়ে দেবেন বলে ব্যাট উঠিয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চলে যায়। আর কয়েকবার বল তাঁর ব্যাট ছুঁয়ে ক্যাচমতো হলেও স্লিপে থাকা ফিল্ডারদের হাতের নাগালে পৌঁছায়নি। তবে দিন শেষে অপরাজিত থাকা চান্ডিমালের ইনিংসটি ছিল নিখুঁত।
অবশ্য মাঠে অন্য রকম দুটি ‘খুঁত’ সবার নজর কেড়েছে। নিল ওয়াগনারের বলের গতি সাধারণত ওঠে ১৩০ থেকে ১৩৩ কিলোমিটার। কিন্তু চান্ডিমালকে করা তাঁর এক ইয়র্কারে স্পিডগান গতি দেখায় ১৬০ কিলোমিটার! এতে বিস্মিত সবাই—ব্যাপার কী! ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা স্কাই স্পোর্টস কর্তৃপক্ষও গড়বড়ের কথা স্বীকার করে জানিয়েছে, হয়তো উড়ে যাওয়া কোনো পাখি (সি-গাল) বলটি ডেলিভারি করার সময় ধরা পড়েছিল!
দ্বিতীয় খুঁতটি অবশ্য মানবীয়। ২ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুস উইকেটের পেছনে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দী হলেও আম্পায়ার নাইজেল লং নটআউটের সংকেত দিয়েছিলেন। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জয়ী হন ব্রেন্ডন ম্যাককালাম। এতে ২৭তম জন্মদিনের ‘উপহার’ হিসেবে লঙ্কান অধিনায়কের উইকেটটি পেয়ে যান বোলার সাউদি। এএফপি, ক্রিকইনফো।