ডানেডিনের উত্তাপে বৃষ্টির জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরাই জিততাম—সরাসরি না বললেও দুই অধিনায়কের কণ্ঠেই ছিল এই সুর। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি আক্ষেপ করে বলেছেন, ‘নিউজিল্যান্ডের একজন সিমার আর একজন ব্যাটসম্যান ছিটকে পড়েছিল। জয়ের সুযোগ ছিল আমাদের।’ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও দাবি করেছেন, ‘ম্যাচটি সমানে সমান ছিল। তবে আমাদের জেতাটা অসম্ভব ছিল না।’
চতুর্থ দিন শেষে ডানেডিন টেস্ট যেখানে গিয়ে দাঁড়িয়েছিল, তাতে সুযোগ সত্যি দুই দলেরই ছিল। কিন্তু সব উত্তাপে জল ঢেলে দিয়েছে বেরসিক বৃষ্টি। কাল প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বৃষ্টির কারণে বল মাঠেই গড়ায়নি। চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের রান ছিল ৬ উইকেটে ২২৪, লিড ১৯১। লিডটা হয়তো আরও অনেক বড় করতে পারত তারা। নিউজিল্যান্ডের হয়ে যে বল করতে পারতেন না ট্রেন্ট বোল্ট। রান তাড়া করতে গিয়েও বিপদে পড়তে হতো কিউইদের। ব্যাট করতে পারতেন না রস টেলর। দুজনই চোটে পড়েছেন। কিন্তু কোনো দলকেই হিসাব মেলাতে হয়নি। আম্পায়াররা পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলে ম্যাচটি ড্র হয়েছে। আগামী বৃহস্পতিবার ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচের জন্য টেলরের জায়গায় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা নিল ব্রুমকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। ক্রিকইনফো।