ডারহামেও সেই শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডিংলিতে তিন দিনেই টেস্ট জিতে নিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ওই টেস্ট শেষেই বলেছিলেন, পরেরটাতে ঘুরে দাঁড়ানোর সব চেষ্টা করবে তাঁর দল। কিন্তু ডারহাম টেস্টের দুই দিন যাওয়ার পর মনে হচ্ছে, সেই চেষ্টা আবারও ব্যর্থ হতেই চলেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৯ উইকেটে ৪৯৮ রানের জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে বসে আছে ৯১ রান তুলতে গিয়েই। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডরা যে ফর্মে আছেন, তাতে এই টেস্ট চতুর্থ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলে সেটাই শ্রীলঙ্কার বড় ‘সাফল্য’ হবে।
নামের পাশে ২৮ রান নিয়ে দিনটা শুরু করেছিলেন মঈন আলী। রিভারসাইড মাঠে কাল চা-বিরতির প্রায় আধা ঘণ্টা আগে অ্যালিস্টার কুক যখন ইংল্যান্ডের ইনিংস ঘোষণা করলেন, ইংলিশ অলরাউন্ডার অপরাজিত ১৫৫ রানে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পর তাঁর দলের পেসারও বিধ্বংসী হয়ে ওঠায় দিন শেষে শ্রীলঙ্কা ধুঁকছে হেডিংলির মতোই। ১ উইকেটে ৪৪ থেকে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ৯০ বানিয়ে ফেলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ক্রিস ওকসের। কাল ৭ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন এই ইংলিশ পেসার।
পুরো দলের জন্য ভুলে যাওয়ার মতো দিন হলেও শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ অবশ্য দিনটাকে মনে রাখবেন সব সময়। স্টিভেন ফিনকে কট অ্যান্ড বোল্ড করে কাল টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন হেরাথ। ২৯৯ উইকেট নিয়ে এই টেস্টটা শুরু করে প্রথম দিনে ২৪ ওভার বল করেও ছিলেন উইকেটশূন্য। কাল সারা দিনেও ওই একটাই উইকেট তাঁর। ৩০০ উইকেট পাওয়া তৃতীয় শ্রীলঙ্কান বোলার হেরাথ। ৮০০ উইকেট নিয়ে যেখানে সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন, ৩৫৫ উইকেট চামিন্ডা ভাসের। স্টার স্পোর্টস।