ডালমিয়াদের ছক পাল্টে ভারতীয় ক্রিকেটে শ্রীনির ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ভারতীয় ক্রিকেটে শ্রীনি
আবার ভারতীয় ক্রিকেটে শ্রীনি

যেন দাবার ঘুঁটি চালাচালি হচ্ছে। কেউ এগিয়ে যাচ্ছে তো কেউ পেছাচ্ছে। আবার পেছন থেকে এগিয়ে এসে পাল্টা আক্রমণ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে মুছে যেতে যেতে ফের দৃশ্যমান এন শ্রীনিবাসন। কার্যত তাঁকে হটিয়ে দেওয়ার ডালমিয়াদের ছক ব্যর্থ করে আবারও ক্রিকেট প্রশাসনে ফিরে এসেছেন দেশটির ক্ষমতাধর এই ব্যবসায়ী।
আজ শুক্রবার তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচনে জয়ী হয়েছেন শ্রীনি। সাবেক এই বিসিসিআই সভাপতি টানা ১৪ বারের মতো সভাপতি নির্বাচিত হলেন। ২০০১-০২ সালে মুত্তিয়াহর পর শ্রীনি ছাড়া আর কেউ এই রাজ্যের ক্রিকেট সংস্থার সভাপতি হতে পারেনি। ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হওয়ার ফলে শ্রীনি এখন বিসিসিআইর যেকোনো সিদ্ধান্তে ভোট দেবার ক্ষমতা পেলেন।
ভারতের উচ্চ আদালতের নির্দেশেই বিসিসিআইয়ের পদ থেকে সরে যেতে হয়েছিল শ্রীনিকে। সেখান থেকে তিনি অবশ্য আইসিসি চেয়ারম্যান হয়ে বসেন। ‘তিন মোড়লে’র ব্যবসায়িক ছকের অন্যতম কারিগরও তিনি। ওদিকে প্রথমে দৃশ্যত শ্রীনির ছায়াতলে থেকেই ভারতীয় ক্রিকেটে আবার উত্থান সাবেক আইসিসি প্রধান জগমোহন ডালমিয়ার। কিন্তু শ্রীনি এবং তাঁর অনুগতদের বিরুদ্ধে ওঠা সীমাহীন দুর্নীতিকে ব্যবহার করে ডালমিয়া এবং অনুরাগ ঠাকুর বিসিসিআইয়ের পুরো কর্তৃত্ব নিয়ে নেন। শ্রীনি অনুগতদের কোণঠাসা করা হয়েছে কিংবা নিজেদের দলে ভেড়ানো হয়েছে।
কিন্তু আবারও দৃশ্যপটে শ্রীনি। একেবারে নির্বাচিত হয়েই। এখন তাঁর পাশার দান কী হয়, সেটাই দেখার। এমনিতে ভারতীয় ক্রিকেটে ক্ষমতার পালাবদল আকস্মিক দ্রুততায় ঘটছে। আইপিএলের মতো সোনার ডিম পাড়া হাঁস এনে দেওয়া ললিত মোদি যেমন ছিটকে গেছেন। এবার কি তবে নতুন নাটক?