ডালমিয়ার আমন্ত্রণে কলকাতায় কামাল

নারায়ণস্বামী শ্রীনিবাসনের সঙ্গে আ হ ম মুস্তফা কামালের সম্পর্ক যতই তলানিতে গিয়ে ঠেকুক, জগমোহন ডালমিয়া যে তাঁর পূর্বসূরির পথে হাঁটছেন না সেটা আবারও প্রমাণ হয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি তাঁর বিশেষ অতিথি হিসেবে আইপিএলের ফাইনাল দেখতে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন কামালকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল ইডেন গার্ডেনে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস–চেন্নাই সুপার কিংসের ফাইনাল দেখতে এরই মধ্যে কলকাতা পৌঁছে গেছেন আইসিসির সাবেক বাংলাদেশি সভাপতি।
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করেছিলেন ওই সময়ের আইসিসি সভাপতি মুস্তফা কামাল। শুধু তা-ই নয়, সমালোচনা করেছিলেন আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্য নিয়েও। এর ফলে বিশ্বকাপ ফাইনাল শেষে আইসিসি সভাপতি হিসেবে কামালের অধিকার কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন! যদিও মেলবোর্নের মঞ্চে তাঁকে দেখামাত্রই দুয়ো শোনা গেছে গ্যালারি থেকে। এ ঘটনার রেশ ধরেই বিশ্বকাপের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কামাল। শ্রীনিবাসনের সঙ্গে তাঁর সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকে। দুর্নীতির অভিযোগে বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডপ্রধানের পদ থেকে শ্রীনিবাসনকেও সরিয়ে দেন সে দেশের সর্বোচ্চ আদালত। বিসিসিআইয়ের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়ে আসেন সাবেক আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া, বরাবরই যিনি বাংলাদেশের বন্ধু বলে পরিচিত। গত মাসে পশ্চিমবঙ্গ সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল দলকে কলকাতায় প্রীতিভোজে আপ্যায়িত করে ডালমিয়া বুঝিয়ে দেন, তাঁর দিক থেকে বন্ধুত্বের হাত বাড়ানোই থাকছে। সেটির আরেক প্রস্থ প্রমাণ পাওয়া গেল এবার কামালকে আইপিএলের ফাইনালে আমন্ত্রণের মাধ্যমে। এই বন্ধুসুলভ আচরণের জন্য ডালমিয়াকে তাই ধন্যবাদও জানিয়েছেন কামাল। কলকাতায় পৌঁছে দ্য টেলিগ্রাফ-এর কাছে প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খুশি। কলকাতায় এসে ভালো লাগছে। আইপিএলের ফাইনাল দেখার অপেক্ষায় আছি। আমন্ত্রণ করার জন্য ডালমিয়াকে ধন্যবাদ।’
বিশ্বকাপের সময় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোয় কোনো আক্ষেপ নেই কামালের, ‘আমি বারবার বলেছি, ওটা আমার ব্যক্তিগত মত। আইসিসি সভাপতি হিসেবে নয়। ওটা যদি বাংলাদেশের ম্যাচ না হয়ে অন্য কোনো দলের ম্যাচ হতো তাহলেও আমি একই কথা বলতাম।’
বিশ্বকাপের ওই ঘটনার পর শ্রীনিবাসনের সঙ্গে আর কথা হয়েছে কি না, এমন প্রশ্নে কামালের জবাব, ‘আমার দিক থেকে তো তাঁর সঙ্গে কথা বলার কোনো কারণ নেই।’ দ্য টেলিগ্রাফ।