ডালমিয়ার পদে বসছেন 'গাঙ্গুলি'!

জগমোহন ডালমিয়ার মৃত্যুর ধাক্কা সামলে উঠছে ভারতীয় ক্রিকেট। শোক কাটিয়ে ক্ষমতার ‘ইঁদুর দৌড়’ শুরু করে দিয়েছে ক্রিকেট সংগঠকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদের নির্বাচন আটকে আছে আদালতের মারপ্যাঁচে। কিন্তু পশ্চিম বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) নিয়ে তো আর তেমন কোনো ঝামেলা নেই। তাই বাংলার ক্রিকেট পরবর্তী অভিভাবক কে হচ্ছেন সেটি নিয়ে শুরু হয়ে গেছে ফিসফাস। এই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বাংলার ক্রিকেটে গাঙ্গুলির জনপ্রিয়তা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পছন্দও দাদা। সিএবির এক সূত্র থেকে জানা যায় ডালমিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ই নাকি মমতা গাঙ্গুলিকে দায়িত্ব বুঝে নিতে বলেছেন! ওই কর্মকর্তা জানান, ‘সোমবারেই (ডালমিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার সময়) দিদি সৌরভকে ডালমিয়ার ফেলে যাওয়া কাজগুলো শেষ করতে বলেন।’ কিন্তু ‘দাদা’ নিজে কিন্তু এখনই এ ব্যাপারে কথা বলতে নারাজ। তাঁর মতে এ ব্যাপারে কথা বলার সময় এখন আসে নি।
গাঙ্গুলি যতই বলুন না কেন, সবাই কিন্তু তাঁর পক্ষেই বাজি ধরছেন। আজ আবার দাদা নিজেই দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বাংলার পরবর্তী ক্রিকেট অভিভাবক হিসেবে ‘দাদা’কেই দেখার প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো। সূত্র: জি নিউজ