ডালমিয়ার পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা

মিরপুরের একাডেমি মাঠে বসে বিশ্বরূপ দে বলেছিলেন, ‘আমরা তো তোমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। জগমোহন ডালমিয়ার উপহার পৌঁছে দিলাম তাঁকে।’
গত জুনের বাংলাদেশ সফরে ভারতীয় দলের ম্যানেজার হয়ে আসেন বিসিসিআইতে ডালমিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিশ্বরূপ দে। ক্রিকেটীয় সৌহার্দ্যের প্রতীক হিসেবে তাঁর হাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শাড়ি উপহার পাঠিয়েছিলেন বিসিসিআই সভাপতি। গত পরশু জগমোহন ডালমিয়া চলে গেছেন অন্য ভুবনে। তবে বাংলাদেশের ক্রিকেটে তাঁর অদৃশ্য বন্ধুতার ছায়া থেকেই যাবে।
ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়া ও তাঁর পরিবারকে পাঠানো এক শোকবার্তায়ও এ কথাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘ক্রিকেটজাতি হিসেবে বাংলাদেশের মানুষ তাঁর দেওয়া সাহস ও সমর্থনের কথা আজীবন মনে রাখবে।’ বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পাশে দাঁড়িয়ে তিনিও প্রয়াত বিসিসিআই সভাপতির আত্মার শান্তি কামনা করেছেন। ‘আমার প্রার্থনা, আপনি এবং আপনার শোকার্ত পরিবার যেন ধৈর্য ও সাহসের সঙ্গে এই অপূরণীয় ক্ষতি সামলে উঠতে পারেন’-শোকবার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী।
ডালমিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। মুস্তফা কামাল তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘বাংলাদেশ তার এক অকৃত্রিম ক্রিকেট-বন্ধু হারাল। বাংলাদেশের টেস্ট মর্যাদাপ্রাপ্তিতে ডালমিয়ার অবদান বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ করবে।’ আইসিসির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সাবেক বিসিসিআই সভাপতি ও আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের সঙ্গে বিরোধে ডালমিয়ার সমর্থন ছিল মুস্তফা কামালের প্রতি।
জগমোহন ডালমিয়ার মৃত্যুর খবর শুনে ফেসবুকে শোক জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী, ‘জগুদা আর নেই...আমি গভীর, গভীরভাবে শোকাহত। ক্রিকেট তার সর্বকালের সেরা প্রশাসকদের একজনকে হারাল। তিনি ছিলেন একজন প্রেরণাদায়ী, স্বপ্নদ্রষ্টা এবং কিংবদন্তি নেতা।’ কাল মুঠোফোনে যোগ করলেন, ‘১৯৯৮-এর মিনি বিশ্বকাপ আয়োজন করেই আমরা ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আবেগটা বাকি বিশ্বকে দেখাতে পেরেছি। টেস্ট মর্যাদা পেতে সেটির বিরাট ভূমিকা ছিল। কিন্তু টুর্নামেন্টের কেবলই আগে হওয়া ভয়াবহ বন্যায় শঙ্কা জেগেছিল সেটি ভারত বা অন্য কোথাও চলে যাওয়ার। মিনি বিশ্বকাপ শেষ পর্যন্ত বাংলাদেশে হয়েছিল ডালমিয়ার কারণেই।’