ডি কক-আমলার রাত

লক্ষ্যটা খুব ছোট দেয়নি ইংল্যান্ড। জো রুটের ১১৩ বলে ১২৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩১৮। কিন্তু এটাই হেসেখেলে টপকে গেল দক্ষিণ আফ্রিকা—৭ উইকেট আর ২২ বল হাতে রেখে! তাড়া করতে নেমে জোড়া সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও হাশিম আমলা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এই দুই প্রোটিয়া ওপেনারের রাতে রেকর্ড বইতেও হলো অনেক ওলট-পালট—
৩১৯
ওয়ানডেতে এর চেয়ে বেশি রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা জিতেছে দুবার। ২০০৬ সালে জোহানেসবার্গে ৪৩৮, ২০১৪ সালে হারারেতে ৩২৮। দুবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২২
১৩০ বলে ১২৭ রান আমলার; ১২৬তম ইনিংসে পেলেন ওয়ানডের ২২ নম্বর সেঞ্চুরি। তাঁর চেয়ে দ্রুত ২২টি সেঞ্চুরি করতে পারেনি আর কেউ। দ্বিতীয় দ্রুততম কোহলির লেগেছিল ১৪৩ ইনিংস।
২৩৯
ডি কক-আমলার ওপেনিং জুটিতে রান, যেটি তাড়া করতে নেমে যেকোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জুটি। ওপেনিং জুটিতেও দক্ষিণ আফ্রিকার পক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। বছর খানেক আগে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাইলি রুশোকে সঙ্গে নিয়ে হাশিম আমলা গড়েছিলেন সর্বোচ্চ ২৪৭ রানের জুটিটি। তাড়া করতে নেমে ওয়ানডেতে এই প্রথম কোনো দলের দুই ওপেনারই ১২৫ কিংবা তার চেয়ে বেশি রান করলেন।
১০
১১৭ বলে ১৩৫ রানের ম্যাচজয়ী ইনিংসটা খেলে ডি কক হয়েছেন সবচেয়ে কম বয়সে ১০টি ওয়ানডে সেঞ্চুরির মালিক। পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ভারতের টেস্ট অধিনায়ক দশম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন ২৩ বছর ১৫৯ দিন বয়সে। পরশু ম্যাচের দিন ডি ককের বয়স ছিল ২৩ বছর ৫৪ দিন। সবচেয়ে দ্রুততম সময়ে ১০ সেঞ্চুরির রেকর্ডটাও এখন ডি ককের। ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে ম্যাচে গড়লেন এই কীর্তি। এর আগের রেকর্ডটি ছিল হাশিম আমলার, তাঁর লেগেছিল ৫৭ ম্যাচ।