দুই উইকেট চলে গিয়েছিল আগের দিন। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৯৪ হয়ে গেল কাল লাঞ্চের আগেই। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের তোলা ২৬৮ রানই তখন পাহাড়সম হয়ে গেল প্রোটিয়াদের কাছে। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন হয়তো লিডের স্বপ্নও দেখছিলেন। কিন্তু কুইন্টন ডি কক আর টেমবা বাভুমা যে অন্য কিছু ভাবছিলেন!
সপ্তম উইকেটে দুজনের ১৬০ রানের জুটি, তাতেই নিউজিল্যান্ডের রানটা প্রায় ছুঁয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ড বোলারদের ভোগান্তি যে ওখানেই শেষ হয়নি! ভারনন ফিল্যান্ডার আর মরনে মরকেল মিলে শেষ উইকেটে গড়লেন ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি। তাতেই দিন শেষে কিউইদের চেয়ে ৮১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কে জানে ওয়েলিংটনের উইকেটে এ লিডটাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয় কি না!
অথচ সকালের সেশনে কলিন ডি গ্র্যান্ডহোম, নিল ওয়াগনার আর টিম সাউদিরা ভীষণ ভুগিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। হাশিম আমলা, জেপি ডুমিনি আর ফাফ ডু প্লেসি তিনজনই থিতু হয়ে আউট হয়ে গেছেন। কিন্তু মিডল অর্ডার থুবড়ে পড়ার পর ডি কক আর বাভুমার সেই প্রতিরোধ। সপ্তম উইকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে চতুর্থ সর্বোচ্চ জুটি গড়েছেন দুজন, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। একটাই আক্ষেপ—দুজনই খুব কাছে গিয়েও সেঞ্চুরি পাননি। ডি কক আউট হয়েছেন ৯ রান দূরে থেকে, ১১ রান দূরে ছিলেন বাভুমা। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৬৮ (নিকোলস ১১৮; ডুমিনি ৪/৪৭)। দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯৫ ওভারে ৩৪৯/৯ (ডি কক ৯১, বাভুমা ৮৯, ফিল্যান্ডার ৩৬*, মরকেল ৩১*; ডি গ্র্যান্ডহোম ৩/৫২, ওয়াগনার ৩/৯৬, সাউদি ২/৯৮)।