ডি ককের পর কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির উচ্ছ্বাস ডি ককের। কাল সেঞ্চুরিয়নে l ক্রিকইনফো
সেঞ্চুরির উচ্ছ্বাস ডি ককের। কাল সেঞ্চুরিয়নে l ক্রিকইনফো

অনেক ‘প্রথমের’ সাক্ষী হয়ে যাচ্ছে সেঞ্চুরিয়ন টেস্ট। প্রথম দিন অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন স্টিভেন কুক। ৭ টেস্ট অপেক্ষার পর ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন কুইন্টন ডি কক। শেষ বিকেলে অ্যালিস্টার কুকও পেয়ে গেছেন সিরিজের প্রথম ফিফটি। ইংল্যান্ড অধিনায়ক সিরিজে প্রথম সেঞ্চুরির হাতছানিই দেখছেন। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১৩৮, দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩৩৭ রানে পিছিয়ে।
কালকের দ্বিতীয় দিনটা ডি ককের কাছেই বেশি স্মরণীয় হয়ে থাকবে। চোটের জন্য সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার। শেষ টেস্টে ফিরেই পেয়ে গেছেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা। কাল সকাল থেকেই ডি ককের ব্যাট ঝলসেছে খাপখোলা তলোয়ারের মতো। উইকেটের চারপাশেই শট খেলেছেন, ১২৯ রানের ইনিংসে ৮০ রানই এসেছে চার-ছয় থেকে। সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ১০৪ বলে, শেষ পর্যন্ত তাঁকে আর আউটই করতে পারেনি ইংল্যান্ড। তবে ইংলিশ ফিল্ডারদের কাছে কৃতজ্ঞ থাকতে পারেন ডি কক। ২৮ রানে একবার গালিতে তাঁর ক্যাচ ছেড়েছেন বেন স্টোকস, ৯০ রানে কভারে ক্যাচ ধরতে পারেননি কুক।
ওপাশ থেকে কাইল অ্যাবট ও ডেন পিটও ডি কককে ভালোই সঙ্গ দিয়েছেন। সপ্তম উইকেটে অ্যাবটের সঙ্গে ডি ককের জুটিটা ছিল ৫০ রানের। অষ্টম উইকেটে বাঁহাতি ব্যাটসম্যান পিটকে নিয়ে গড়েছেন ৮২ রানের জুটি। ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার বেন স্টোকস।
ইংল্যান্ডের শুরুর সমস্যাটা যেন কাটছেই না। সিরিজে আরও একবার ব্যর্থ অ্যালেক্স হেলস, ফিরে গেছেন মাত্র ১৫ রানেই। এই সিরিজে হেলসের গড় ১৯.২৮, কুকের ওপেনিং সঙ্গী নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলাটা বোধ হয় আরও বেশ কিছুদিনই চলবে! নিক কম্পটনও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৯ রান করেই ফিরে গেছেন।

তবে কুক ছিলেন অবিচল। দুঃস্বপ্নের একটা সিরিজে অবশেষে একটু উদ্‌যাপনের উপলক্ষ পেয়েছেন। শুধু ফিফটিই পাননি, আরেকটি মাইলফলকের দিকেও এগিয়ে গেছেন। টেস্ট ইতিহাসে ১২তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান ছোঁয়ার জন্য আজ কুকের দরকার আর ৫০ রান। ক্রিকইনফো।