ডি ককের বদলে ফন উইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলে জায়গা হারিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টেই। এবার ওয়ানডে আর টি-টোয়েন্টি থেকেও ছিটকে গেলেন কুইন্টন ডি কক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়নি এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। তাঁর বদলে দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন মরনে ফন উইক।
৩৬ বছর বয়সী ফন উইক দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ খেলেছেন এ বছর জানুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। মজাটা হলো, সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরেই টেলিভিশন ভাষ্যকার হিসেবে কুইন্টন ডি ককের পারফরম্যান্সের ব্যবচ্ছেদ করেছেন তিনি।
১৪ জনের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ডেভিড ভিসে। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি তাঁর। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে একই কারণে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছুটি দেওয়া হয়েছে জেপি ডুমিনি ও মরনে মরকেলকে। টি-টোয়েন্টিতে অবশ্য দুজনই আছেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারকে। ফিরছেন তাঁরা দুজনও। লেগ স্পিনার ইমরান তাহির খেলবেন শুধু ওয়ানডে সিরিজে। টি-টোয়েন্টিতে তাঁকে বিশ্রামে রেখে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই ম্যাচ-সেরা হওয়া লেগ স্পিনার এডি লেইকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এবার কোনো টেস্ট খেলবে না দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ম্যাচ দুটি ১৪ ও ১৬ আগস্ট। তিনটি ওয়ানডে হবে ১৯, ২৩ ও ২৬ আগস্ট। ক্রিকেট সাউথ আফ্রিকা।