ডি ককের ব্যাটে প্রোটিয়াদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুটা বিস্ময়কর তো বটেই। এমন একটা ইনিংস খেলার পরও যদি কেউ বলেন, ‘এর চেয়েও বেশি উপভোগ করেছি, এমন কয়েকটা ইনিংসও আমার আছে।’
বক্তার নাম কুইন্টন ডি কক। যে ইনিংসটা খেলার পর তিনি এ কথা বলছেন, সেটি পরশু রাতে সেঞ্চুরিয়নে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯৪ রান তুলেছিল স্টিভেন স্মিথের দল। ডি ককের তাণ্ডবে ওই রানটাকে স্রেফ ছেলেখেলা বানিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ৮২ বল আর ৬ উইকেট হাতে রেখে! তাড়া করতে নেমে ডি ককের ১১৩ বলে ১৭৮ ওয়ানডেতে তাঁর ক্যারিয়ার-সেরা, দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। পরশুর এ ইনিংসটির চেয়ে আগের কয়েকটি বেশি উপভোগ্য কেন ছিল সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন ডি কক, ‘ওই ইনিংসগুলোয় আমাকে রানের জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে। এ কারণেই ওগুলো বেশি উপভোগ করেছি।’
কথা সত্যি। পরশু তো আসলে রানের জন্য এত কষ্ট করতে হয়নি তাঁকে। যা মেরেছেন, তা-ই লেগেছে। ১১টি ছক্কার সঙ্গে ১৬টি চার। ৫০ করেছিলেন ৩৮ বলে, ৭৪ বলে সেঞ্চুরি, ১৫০ এসেছে ১০১ বলে। আগের প্রতিটি পঞ্চাশের চেয়ে পরের পঞ্চাশ দ্রুত এসেছে, এতেই বোঝা যায় ক্রমশ কতটা আক্রমণাত্মক হয়েছেন ডি কক। ম্যাচ শেষে তাই হাসতে হাসতেই বললেন, ‘দিনটা হয়তো আমার ছিল। উইকেটও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল।’
একসময় তো মনে হচ্ছিল তাঁর ডাবল সেঞ্চুরিই হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটা হয়নি। থেমেছেন ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে রেকর্ড গ্যারি কারস্টেনের ১৮৮ থেকে ১০ রান দূরে থেকে। তবে সেই রেকর্ড হয়নি বলে মনে মোটেও আক্ষেপ নেই ডি ককের, ‘আসলে রেকর্ড নিয়ে আমি চিন্তিত নই। আমার লক্ষ্য ম্যাচ জেতানো। রেকর্ডটা হচ্ছে বাড়তি পাওনা।’
ওই রেকর্ডটা না হলেও আরেকটি রেকর্ড করে ফেলেছেন ডি কক। ওয়ানডেতে ৬৫তম ম্যাচে ১১তম সেঞ্চুরি করলেন। তাঁর চেয়ে দ্রুত ওয়ানডেতে ১১ সেঞ্চুরি আর কারোর নেই। ৬৬তম ম্যাচে ১১তম সেঞ্চুরি নিয়ে আগের রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকারই হাশিম আমলা। ইনিংসের হিসাবে অবশ্য আমলাই এখনো দ্রুততম। তাঁর লেগেছিল ৬৪ ইনিংস, ডি ককের লেগেছে ৬৫ ইনিংস। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।