ডি গ্র্যান্ডহোমের কীর্তিতে বিধ্বস্ত পাকিস্তান

এ বছর জুলাইতেই ৩০ পেরিয়ে গেছে তাঁর। টেস্ট অভিষেকের জন্য বয়সটা একটু বেশিই বৈকি! কিন্তু দেরি হয়ে গেল বলেই বোধ হয় অভিষেকটা স্মরণীয় করে রাখতে আরও মরিয়া ছিলেন কলিন ডি গ্র্যান্ডহোম। সেটা তিনি করলেনও। কিউই এ পেস বোলিং অলরাউন্ডারের তোপে পড়েই ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান। মাত্র ৪১ রানে ৬ উইকেট নিয়ে ডি গ্র্যান্ডহোম গড়েছেন নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি!
আগের দিন থেমে থেমে বৃষ্টি টসই হতে দেয়নি। আজ টসে করতে নামার পরই টেস্টের একটা অভিজাত তালিকায় নাম উঠে গেল মিসবাহ-উল-হকের। প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে দেশকে ৫০ টেস্টে নেতৃত্ব দিচ্ছেন ৪২ বছর বয়সী এ ব্যাটসম্যান। কিন্তু দিনটা স্মরণীয় করে রাখার মতো কিছুই করতে পারলেন না তাঁর সতীর্থরা। টিম সাউদি আর টেন্ট বোল্ট শুরু থেকে ভোগাতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। সাউদির প্রথম স্পেলটা ছিল ৪-৪-০-০।
আজহার আলীকে বোল্ড করে নিউজিল্যান্ডের হয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা অবশ্য করেছেন ডি গ্র্যান্ডহোমই। পরে একে একে তাঁর শিকার বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সোহেল খান ও রাহাত আলী। নিউজিল্যান্ডের হয়ে এর আগে অভিষেকে সেরা বোলিং ছিল অ্যালেক্স মইরের, ১৯৫১ সালে এই ক্রাইস্টচার্চেই ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন সাবেক এই কিউই লেগ স্পিনার।
বিনা উইকেটে ৩১ থেকে একপর্যায়ে ৪ উইকেটে ৫৬ হয়ে যায় পাকিস্তানের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এক প্রান্তে কিছুক্ষণ একা লড়েছেন অধিনায়ক মিসবাহ। নবম ব্যাটসম্যান হিসেবে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বোল্টের শিকার হওয়ার আগে করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৩১।
নিউজিল্যান্ডের মাটিতে এটা পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০১ সালে হ্যামিল্টনের দুই ইনিংসে ১০৪ ও ১১৮ করেছিল পাকিস্তান।