ডি ভিলিয়ার্স বলছেন, তারাই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে এবি ডি ভিলিয়ার্স। পরশু ওয়েলিংটনে l ক্রিকইনফো
অনুশীলনে এবি ডি ভিলিয়ার্স। পরশু ওয়েলিংটনে l ক্রিকইনফো

চড়াই-উতরাই পেরিয়ে সামনে সম্ভাবনার সূর্য। হতাশার আঁধার কাটিয়ে এবি ডি ভিলিয়ার্স এখন সেই সূর্যোদয়ের প্রত্যাশায়। চনমনে হয়ে উঠছেন সাফল্যের আলোয় অবগাহনের হাতছানিতে!
কাগজে-কলমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি এখনো। বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে ভারত-পাকিস্তান দুই দলের কাছেই। শেষ আটে পা রাখতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা, এখন পর্যন্ত বিশ্বকাপের বড় বিস্ময় সেটিই। সবশেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর তো প্রকাশ্যে ক্ষোভ-টোভ ঝেড়ে খবরের শিরোনামও হয়েছেন ডি ভিলিয়ার্স। আজ সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই মিলবে শেষ আটে প্রবেশের চাবি। ম্যাচের ফল নিয়ে সংশয় আছে সামান্যই। কিন্তু তুমুল ফেবারিট হয়েও যদি কোয়ার্টারে উঠতে তাকিয়ে থাকতে হয় আমিরাত ম্যাচের দিকে, দলের অবস্থা বোঝাই যায়।
তবে আগের হতাশা ভুলে ডি ভিলিয়ার্সের কণ্ঠও এখন আত্মবিশ্বাসী, ‘আমি শতভাগ বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরাই সেরা দল। ওই দুটি হার আমাদের কষ্ট দিয়েছে বটে, তবে ওসব এখন অতীত। এখন বাস্তবতা হলো, শিরোপা থেকে আমরা মাত্র তিনটি ম্যাচ দূরে। আমাদের তাই বিশ্বাস করতে হবে এবং ইতিবাচক থাকতে হবে যে আমরাই সেরা।’
হঠাৎ ডি ভিলিয়ার্সের গা-ঝাড়া দেওয়ার কারণ হয়তো ওটাই—বিশ্বাস। আত্মবিশ্বাসের সংকটে থাকা দলকে বিশ্বাসী করে তোলা। সেটা না হয় বোঝা গেল। কিন্তু শিরোপা মাত্র তিনটি ম্যাচ দূরে, ডি ভিলিয়ার্সের এই কথাও চোখে পড়ার মতো। আজকের ম্যাচটিকে তাহলে গোনাতেই ধরছেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক! ম্যাচের ফলটা হয়তো অনুমিতই। কিন্তু শেষ পর্যন্ত মাঠে খেলেই তো জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে! আর এই বিশ্বকাপের যে ধারা, তাতে জয়ের শতভাগ নিশ্চয়তাই বা কোথায়!
এবার বুঝি ডি ভিলিয়ার্সের খেয়াল হলো আমিরাত ম্যাচের কথা, ‘এই ম্যাচটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোনো দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। অন্য যেকোনো ম্যাচের মতোই মানসিকতা নিয়ে মাঠে নামব আমরা।’
দক্ষিণ আফ্রিকা সত্যিই সেই মানসিকতায় মাঠে নামলে আমিরাতের শঙ্কিত হওয়ার কারণ আছে বৈকি। বাস্তবতাটা জানেন মোহাম্মদ তৌকিরও। আমিরাত অধিনায়ক তাই কিছুটা আশা আর কিছুটা মজার সুরে বললেন, ‘পাকিস্তান যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারবে, এটাই কতজন ভাবতে পেরেছিল! আমরা তো ভাবতে পারিনি। ওই ম্যাচ আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আমাদের বোলিং-ফিল্ডিং ভালো। দ্রুত উইকেট নিতে পারলে ওদের চাপে ফেলা যাবে। অন্তত আমাদের বিপক্ষে ৪০০ করতে পারবে না ওরা!’
এই লেখা পড়তে পড়তে আপনার অবশ্য অনেকটাই জেনে যাওয়ার কথা, কোন পথে এগোচ্ছে ম্যাচ। ওয়েলিংটনে আজ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু এই লড়াই। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।