ডি ভিলিয়ার্সই টেস্ট অধিনায়ক

অথচ একটা সময় গুঞ্জন উঠেছিল, অতিরিক্ত খেলার চাপ কমাতে টেস্ট ক্রিকেটই ছেড়ে দিতে পারেন এবি ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুটি টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দিয়ে ডি ভিলিয়ার্সকে ঘিরে থাকা সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আর এখন ডি ভিলিয়ার্স ওয়ানডের পাশাপাশি টেস্টেরও নিয়মিত অধিনায়ক। কাল জোহানেসবার্গে সিএসএর এক বৈঠকে টেস্টেরও অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ককে।
ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথমটিতে হার ও দ্বিতীয়টিতে ড্রয়ের পরই পদত্যাগ করেন অধিনায়ক হাশিম আমলা। বোর্ডের অনুরোধে সিরিজের মাঝপথে দলের দায়িত্ব নেন ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্স। তাঁর নেতৃত্বে বাকি দুই টেস্টের প্রথমটি দক্ষিণ আফ্রিকা হেরে গেলেও জিতেছে শেষটিতে। তবে ২-১ ব্যবধানে সিরিজ হারায় টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারায় প্রোটিয়ারা। অথচ সর্বশেষ প্রায় সাড়ে তিন বছরের বেশির ভাগ সময়ই শীর্ষস্থানটা ছিল দক্ষিণ আফ্রিকার অধিকারে। একটু খারাপ সময়েই তাই টেস্ট দলের নেতৃত্ব পেলেন ডি ভিলিয়ার্স। তবে এটিকে তিনি নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে, ‘দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এটি ক্রান্তিকাল এবং আমি গর্বিত নতুন যুগের সামনে দাঁড়িয়ে থাকা দলটির নেতৃত্ব পেয়ে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের অধিনায়কত্বও আমি উপভোগ করেছি। তবে এখনো অনেক কিছু শেখার আছে। আমি এই চ্যালেঞ্জটা নিতে উন্মুখ হয়ে আছি।’
বিশেষ করে প্রোটিয়া দলের তরুণদের নিয়ে খুবই আশাবাদী ডি ভিলিয়ার্স, ‘আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে কাগিসো রাবাদা, টেমবা বাভুমা, ডেন পিট, ডিন এলগার ও অন্যদের সাম্প্রতিক পারফরম্যান্স আমাদের সামনে সুযোগ এনে দিয়েছে দুর্দান্ত একটি দল গড়ার, যা আগে কখনো ছিল না।’
নিয়মিত টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেও খুব শিগগিরই মাঠে নামতে হচ্ছে না ডি ভিলিয়ার্সকে। আগামী প্রায় মাস ছয়েক কোনো টেস্টই খেলবে না দক্ষিণ আফ্রিকা। আগস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজই হবে স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে ডি ভিলিয়ার্সের প্রথম মিশন।
জোহানেসবার্গে একই বোর্ড সভায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের নতুন করে চুক্তির আওতায় আনা হয়েছে। যেখানে প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ খেলা বাভুমা, ফারহান বেহারডিয়েন ও রাইলি রুশো। আর চুক্তি থেকে বাদ পড়েছেন দুই পেসার রায়ান ম্যাকলারেন ও লনওয়াবো সতসবে। ক্রিকইনফো।