ডি ভিলিয়ার্সময় দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯ রানে আলতো এক শটে আউট, ডি ভিলিয়ার্সের নিজেরই যেন বিশ্বাস হলো না! l এএফপি
৯৯ রানে আলতো এক শটে আউট, ডি ভিলিয়ার্সের নিজেরই যেন বিশ্বাস হলো না! l এএফপি

সংযুক্ত আরব আমিরাত পরে ব্যাটিং করেছে। কিন্তু ম্যাচ জিতেছে ৫৯ রানে!
ম্যাচের আগে আলোচনা দক্ষিণ আফ্রিকা ৪০০ রান করবে কি না। আমিরাত অধিনায়ক মোহাম্মদ তৌকির প্রথমে মজা করলেন, ‘আমরা আগে ব্যাট করলেই ওরা ৪০০ করতে পারবে না!’ পরে তিনি ঠিকই সিরিয়াস, ‘আমরা ওদের ৪০০ করতে দেব না।’ শুধু মুখে বলেই কাজ শেষ করেননি। চ্যালেঞ্জটা নিয়েছেন কাল মাঠেও। টস জিতেও দক্ষিণ আফ্রিকাকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। এবং আমলা-ডি ভিলিয়ার্সের দলকে আটকেছেন ৩৪১ রানে। আমিরাতকে ৫৯ রানে জয়ী বললে তাই খুব একটা ভুল হয় না! তৌকির নিজে ১০ ওভারে দিয়েছেন ৪৭। দলের এবং নিজের, দুটি চ্যালেঞ্জেই জিতেছেন আমিরাত অধিনায়ক।
ম্যাচের ফল এখানে মুখ্য নয়। দক্ষিণ আফ্রিকার বড় জয় তো অনুমিতই ছিল। কিন্তু তাদের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি কতে পারেননি, চার-ছক্কার ফুলঝুরি ছোটেনি, ব্যাটিং-বোলিংয়ে আমিরাত উড়ে যায়নি। কৃতিত্ব দাবি তাঁরা করতেই পারেন। দক্ষিণ আফ্রিকার অবশ্য অত কিছু ভাবার সময় নেই। পাকিস্তানের কাছে হার এবং তারপর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের প্রকাশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর এই বড় জয় আর কোয়ার্টার ফাইনালের টিকিট দলের জন্য স্বস্তির।
যথারীতি এই জয়ও ডি ভিলিয়ার্সময়। প্রাপ্য সেঞ্চুরিটা যদিও পাননি। আলতো এক শটে ৯৯ রানে যখন আউট হলেন, বিশ্বাস হচ্ছিল না তাঁর নিজেরই। ড্রেসিংরুমে ফেরার সময় চোখে বিস্ময়, মুখে হাসি! ওই ১ রানের আক্ষেপ ভুলতেই বুঝি পরে উইকেট নিলেন দুটি, ক্যাচ একটি।
৯৬ রানে ৩ উইকেট হারানোর পর ডেভিড মিলারের সঙ্গে ডি ভিলিয়ার্সের ১০৮ রানের জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছিল দলকে। ৪০০ তখন অসম্ভব কিছু মনে হচ্ছিল না। কিন্তু এই দুজন ফেরার পর রানের গতিতেও ভাটা। ৪৯ রানে প্লেড অন মিলার, সেঞ্চুরি থেকে ১ রান দূরে স্টাম্পের বাইরে বল স্লাইস করে থার্ডম্যানে ক্যাচ ডি ভিলিয়ার্স। এর মধ্যেই অবশ্য এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার (২০) রেকর্ড গড়েছেন, কালকের ৪ ছক্কায় পেছনে ফেলেছেন ম্যাথু হেইডেনকে (২০০৭ বিশ্বকাপে ১৮টি)। শেষ দিকে ফারহান বেহারডিনের ৩১ বলে ৬৪ রানের ঝড়ে ৩৪১ করতে পারে দক্ষিণ আফ্রিকা।
জবাবে আমিরাত ২০০ ছুঁতে পারেননি। তবে প্রোটিয়া পেসারদের খুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণও করেনি। ম্যাচ শেষে আমিরাত অধিনায়ক সমালোচনা করতেও ছাড়েননি প্রোটিয়াদের, ‘আমি সত্যিই বিস্মিত যে ওদের বোলাররা উইকেটে বল লাগানোর বদলে আমাদের ব্যাটসম্যানদের গায়ে লাগাচ্ছিল। আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছি, ওদের তিনজন পেসার ১৫৪ কিমি গতিতে বল করে টানা। কিন্তু দক্ষিণ আফ্রিকা বোলিং করছিল শরীর তাক করে, ব্যাটসম্যান নয়। তবে আমরা খারাপ জবাব দিইনি।’
বিশ্বকাপে ৯৯ রানে আউট
ম্যাচ ভেন্যু সাল
অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সেঞ্চুরিয়ন ২০০৩
জেপি ডুমিনি দ. আফ্রিকা-আয়ারল্যান্ড কলকাতা ২০১১
এবি ডি ভিলিয়ার্স দ. আফ্রিকা-আমিরাত ওয়েলিংটন ২০১৫