ডি ভিলিয়ার্সে মুগ্ধ গিলক্রিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ ব্যাটসম্যান। উইকেটকিপার হিসেবে তো বটেই, সাধারণ ফিল্ডার হিসেবেও দুর্দান্ত। ইদানীং আবার শুরু করেছেন বোলিংও। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কথা। সব্যসাচী এই ক্রিকেটার যেকোনো দলের জন্যই সম্পদ। সেই সম্পদের মূল্য বিচার করেছেন সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের কাছে ডি ভিলিয়ার্সই ‘বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার।’
কাল আইসিসিকে এক টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন গিলক্রিস্ট। সেখানেই বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের নিয়ে বলতে গিয়ে ডি ভিলিয়ার্সকে প্রশংসায় ভাসিয়েছেন গিলক্রিস্ট, ‘বৈচিত্র্যে সে অনন্যসাধারণ। দেখার জন্যও সে বিস্ময়কর। সে দারুণ সৃজনশীল, আলতো ছোঁয়া কিংবা বিস্ফোরক ব্যাটিং দুটোতেই সে পটু। তা ছাড়া সে উইকেটকিপিং করতে পারে, বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারও। আর এখন তো সে বল করে উইকেটও পাচ্ছে। সে নেতৃত্বও দিচ্ছে খুব ভালোভাবে। এসব কারণেই আমি তাকে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার মনে করি।’ ক্রিকইনফো, সিডনি মর্নিং হেরাল্ড।