ডি ভিলিয়ার্সের স্বপ্নভঙ্গের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ওঠার আগেই বিদায়, আরও একবার দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ। শেষ পর্যন্ত লড়েও না পারার হতাশা বেরিয়ে এল ইমরান তাহির, ফাফ ডু প্লেসি আর এবি ডি ভিলিয়ার্সদের চোখের জল হয়ে। কাল অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শেষে l এএফপি
ফাইনালে ওঠার আগেই বিদায়, আরও একবার দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ। শেষ পর্যন্ত লড়েও না পারার হতাশা বেরিয়ে এল ইমরান তাহির, ফাফ ডু প্লেসি আর এবি ডি ভিলিয়ার্সদের চোখের জল হয়ে। কাল অকল্যান্ডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শেষে l এএফপি

বৃষ্টি বা ডাকওয়ার্থ লুইস নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি। ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের জন্য দায়ী করেননি ফিল্ডারদেরও। পুরস্কার বিতরণী মঞ্চে সাইমন ডুলের সামনে দাঁড়িয়ে উল্টো বললেন, ‘যোগ্য দলটাই আজ জিতেছে।’ তারপর সেই যোগ্য দল নিউজিল্যান্ডকে ‘ফাইনালে শুভকামনা’ বলে মঞ্চ থেকে বিদায় নিলেন এবি ডি ভিলিয়ার্স।
ত্রাস ছড়ানো বোলাররাও ইদানীং যাকে বল করতে গিয়ে একটু কেঁপে ওঠেন, সেই ভিলিয়ার্সের চোখে তখন অশ্রু টলমল। মঞ্চে কথা বলার সময় সামলে রেখেছিলেন, ফিরে যাওয়ার সময় আর পারলেন না। গলগল করে নেমে এল গাল বেয়ে। যে অশ্রুকণা হতাশার, এত কাছে এসেও আরও একবার স্বপ্নভঙ্গের!
কাউকে দোষ দিলেন না ঠিকই। তবে এত কাছে গিয়েও ম্যাচ হেরে যাওয়ার জন্য যদি কাউকে কাঠগড়ায় দাঁড়াতেই হয়, দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা দাঁড়াবেন সেখানে। এই দলে থাকবেন স্বয়ং অধিনায়ক ডি ভিলিয়ার্সও। বর্ণবাদের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর অনেক চড়াই-উতরাই পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু একটা জায়গায় প্রোটিয়ারা সব সময় খুব ধারাবাহিক ছিল, এগিয়ে ছিল অন্য অনেক দলের চেয়ে। সেটি তাদের ফিল্ডিং। বিস্ময়করভাবে কাল সেই ফিল্ডাররাই ভজকট পাকালেন সবচেয়ে বেশি। ৩৩ রানে থাকা কোরি অ্যান্ডারসনকে রানআউট করার সহজ সুযোগ পেয়েও নষ্ট করেছেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ডি ভিলিয়ার্স। ৬৬ রানে গ্রান্ট এলিয়টকে রানআউট করার সুযোগ হারিয়েছেন উইকেটকিপার কুইন্টন ডি কক। ৭৫ রানে দাঁড়িয়ে এলিয়টের তোলা ক্যাচ ধরতে গিয়ে তালগোল হারিয়েছেন ফারহান বেহারডিন ও জেপি ডুমিনি। শেষ পর্যন্ত ৭৩ বলে ৮৪ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচটা জেতালেন ওই এলিয়টই। মাঝেমধ্যে দুর্দান্ত গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ কিছু রান দক্ষিণ আফ্রিকা বাঁচিয়েছে ঠিকই কিন্তু বড় এই ভুলগুলোই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
ম্যাচের পর সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠল। তবে যথারীতি কাউকে দায় না দিয়ে ডি ভিলিয়ার্স সহজভাবেই স্বীকার করে নিলেন ব্যর্থতা, ‘আমরা সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এটা হতাশাজনক। যে হতাশা আমাদের অনেক দিন তাড়িয়ে বেড়াবে।’
বৃষ্টি বাগড়া দেওয়ায় দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সুযোগ পায় ৪৩ ওভার। নইলে কী আরও বড় লক্ষ্য দেওয়া যেত নিউজিল্যান্ডকে? দক্ষিণ আফ্রিকার অধিনায়কের জবাব, ‘যেটুকু ক্ষতি হয়েছিল আমরা তা পরে পুষিয়ে নিয়েছি। আমার মনে হয় না এটা ম্যাচে বড় কোনো ভূমিকা রেখেছে। বোলিং করতে নেমে আমরা যে সুযোগগুলো পেয়েছি তাতেই বোঝা যায় ওই রানটাই যথেষ্ট ছিল।’
শেষ পর্যন্ত নিজেদের ভুলে ওই রান আর যথেষ্ট প্রমাণ করতে পারেনি প্রোটিয়ারা। স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই তাই আরও একবার ফিরে যেতে হচ্ছে বিশ্বকাপ থেকে। ডি ভিলিয়ার্স স্বাভাবিকভাবেই খুব ব্যথিত, ‘কেমন লাগছে তা আসলে এখন বলে বোঝাতে পারব না। এটা অবশ্যই দুঃখজনক। দক্ষিণ আফ্রিকার সবাই আমাদের সমর্থন করেছে। তাদের কথা ভেবেও খারাপ লাগছে। আমরা সত্যিই চেয়েছিলাম ওদের জন্য এবার ট্রফি নিয়ে ফিরে যেতে কিন্তু পারলাম না। এটাই বাস্তবতা। তবে জীবন এগিয়ে যাবে।’
হ্যাঁ জীবন নিশ্চয়ই এগিয়ে যাবে। একই সঙ্গে ডি ভিলিয়ার্সদের মনে ঝড় তুলবে বিশ্বকাপ থেকে বারবার শূন্য হাতে ফিরে যাওয়ার বেদনা! এএফপি।