
২০০৪ সালের ১৭ ডিসেম্বর, ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথে টেস্ট অভিষেক দক্ষিণ আফ্রিকার দুই তরুণের। অভিষেকটা বিবর্ণ হয়েছিল দুজনেরই, হেরেছিল দল। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ একজন বিশ্বসেরা পেসার, টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আরেকজন তর্কযুক্তভাবে সময়ের বিশ্বসেরা ব্যাটসম্যান। পোর্ট এলিজাবেথে একসঙ্গে শুরু হয়েছিল পথচলা, দুজনেরই ঘরের মাঠ সেঞ্চুরিয়নে কাল একসঙ্গে ১০ বছর পূর্তি হলো দুজনের। অভিষেক রাঙাতে না পারলেও দারুণ এক সেঞ্চুরিতে ১০ বছর পূর্তি উদ্যাপন করলেন এবি ডি ভিলিয়ার্স। জোড়ার আরেকজন, ডেল স্টেইন বল হাতে রাঙানোর অপেক্ষায়।
ডি ভিলিয়ার্স-স্টেইনের সপ্তাহ তিনেক আগে অভিষেক আরেক তরুণের। সময়ের পরিক্রমায় তিনিও এখন সেরাদের একজন, দলের অধিনায়ক। যাঁর ব্যাটে রানের ধারা যেন অবিরাম চলছে। হাশিম আমলার ব্যাট থেকে এসেছে আরেকটি সেঞ্চুরি। দুজনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকার। টস জিতে ফিল্ডিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ জবাবই খুঁজে পাচ্ছে না এই দুজনের ব্যাটিংয়ের। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৩৪০।
অথচ এই দুজন নামার আগে স্বাগতিকদের ভড়কেই দিয়েছিলেন ক্যারিবিয়ান পেসাররা। আলভিরো পিটারসেন ও ডিন এলগার গড়েছিলেন ৫৭ রানের উদ্বোধনী জুটি। কেমার রোচ ও শেলডন কটরেলের বোলিংয়ে ৫৭ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স-আমলার যৌথ রথ ছুটছে এর পর থেকেই। ৯৬ টেস্টে ২০তম সেঞ্চুরি ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স ১৩৮ বলে। ৮০ টেস্টে ২৩ সেঞ্চুরি হয়ে গেল আমলার, তিন অঙ্ক ছুঁয়েছেন ১৬১ বলে। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৮৩ রানের, চতুর্থ উইকেটে দক্ষিণ আফ্রিকার রেকর্ড। ছাড়িয়ে গেছেন ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ক্যালিস-কারস্টেনের ২৪৯ রানের জুটিটাকে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
স্কোরকার্ড
টস: ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস
রান বল ৪ ৬
পিটারসেন ক স্মিথ ব রোচ ২৭ ৪৪ ৬ ০
এলগার ক স্যামুয়েলস ব কটরেল ২৮ ৪২ ৩ ০
ডু প্লেসি ক রামদিন ব রোচ ০ ৮ ০ ০
আমলা ব্যাটিং ১৩৩ ২৪২ ১৭ ০
ডি ভিলিয়ার্স ব্যাটিং ১৪১ ২১১ ১৫ ২
অতিরিক্ত (বা ৩, লেবা ৫, ও ২, নো ১) ১১
মোট (৯১ ওভারে, ৩ উইকেটে) ৩৪০
উইকেট পতন: ১-৫৭, ২-৫৭, ৩-৫৭।
বোলিং: টেলর ১৬.১-২-৭৭-০, কটরেল ১৭-১-৭৪-১ (ও ১, নো ১), রোচ ১৫.৫-৪-৫২-২ (ও ১), বেন ৩০-৫-৮২-০, স্যামুয়েলস ১১–০–৪৫–০, ব্রাফেট ১–০–২–০।