ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসের কাছে হারল অস্ট্রেলিয়া

নাহ, ভুল করেননি এবি ডি ভিলিয়ার্স। টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন। এ সুযোগে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। করলে কী হবে! ৩২৮ রানের লক্ষ্যটাকে স্রেফ ‘মামুলি’ বানিয়ে ৭ উইকেটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ডি ভিলিয়ার্স ও ফ্যাফ ডু প্লেসিসের তৃতীয় উইকেট জুটি। মূলত এ জুটির কাছেই হেরেছে অস্ট্রেলিয়া।
৩২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা বেশ ভালো হলেও ৫১ রানে ২ উইকেট হারিয়ে সাময়িক বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর অবশ্য অস্ট্রেলিয়ার বোলারদের আর কোনো সাফল্যগাথা নেই। বাকিটা কেবল প্রোটিয়াদের বীরত্বগাথা। ডি ভিলিয়ার্স ও ডু প্লেসিসের ১৭৪ বলে করা ২০৬ রানের তৃতীয় উইকেট জুটি অস্ট্রেলিয়ার বিরাট সংগ্রহকে ‘মামুলি’ বানিয়ে ফেলল। যেকোনো জুটিতে দক্ষিণ আফ্রিকার এটি সপ্তম সর্বোচ্চ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ।
দুজনেই পেলেন সেঞ্চুরি। মিচেল স্টার্কের বলে ৯৮ বলে ১০৬ করে ডু প্লেসিস ফিরে গেলেও জয় নিয়েই ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক। ডি ভিলিয়ার্স অপরাজিত ছিলেন ১০৬ বলে ১৩৬ রানে। অপরপ্রান্তে জেপি ডুমিনি উইকেটে ছিলেন ৩৩ রানে। ম্যাচসেরা ডি ভিলিয়ার্সই।
এর আগে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার দারুণ শুরু এনে দেন অ্যারন ফিঞ্চ ও ফিলিপ হিউজেস, উদ্বোধনী জুটিতে আসে ৯২। ফিঞ্চের ১০২, হিউজেসের ৫১ ও অধিনায়ক জর্জ বেইলির ৬৬ রানের সুবাদে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তবে এ বড় সংগ্রহটা বিফলে গেছে বোলারদের নিদারুণ ব্যর্থতায়। টেন ক্রিকেট।